Shyama Prasad Mukherjee

জন্মবার্ষিকীর আগে সুকিয়া স্ট্রিটে ভাঙল শ্যামাপ্রসাদের মূর্তির বেদি! রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব, আটক এক

মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় বেদি ভাঙার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে সুকিয়া স্ট্রিট এবং এপিসি রোডের সংযোগস্থলে তাঁর মূর্তি বসাতে উদ্যোগী হয় বিজেপির যুব মোর্চা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১১:০৫
Allegation of vandalism of the pedestal of Syama Prasad Mukhopadhya\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s statue on Kolkata\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Sukea Street

সুকিয়া স্ট্রিটে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর। —নিজস্ব চিত্র।

কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নবনির্মিত মূর্তির বেদি ভাঙার অভিযোগ উঠল। সোমবার শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী। তার ঠিক আগেই এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কে বা কারা, রাতের অন্ধকারে এই কুকীর্তি করলেন, তা ভাবাচ্ছে পুলিশকে। সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement

মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় বেদি ভাঙার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, শ্যামপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে সুকিয়া স্ট্রিট এবং এপিসি রোডের সংযোগস্থলে তাঁর মূর্তি বসাতে উদ্যোগী হয় বিজেপির যুব মোর্চা। শুধু তাঁর একার নয়, গোপাল মুখোপাধ্যায়ের (গোপাল পাঁঠা) মূর্তিও বসানোর পরিকল্পনা করা হয়েছিল। সেই মতো শনিবার রাতেই দু’জনের মূর্তি বসানোর কাজ শেষ হয়। অভিযোগ, রাতে দুষ্কৃতীরা হামলা চালায়। মূর্তি দু’টির কোনও ক্ষতি না-হলেও, নীচের বেদি ভাঙচুর করা হয়। নামের ফলক ভেঙে ছড়িয়ে রয়েছে রাস্তায়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোন বিজেপির যুব মোর্চার স্থানীয় নেতৃত্ব। বিষয়টি দেখে আর্মহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কারা এই মূর্তির বেদি ভাঙার সঙ্গে যুক্ত, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, যেখানে ঘটনাটি ঘটেছে, তার অনতিদূরে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ি। শুধু তা-ই নয়, ঘটনাস্থলের কাছেই রয়েছে ট্রাফিক গার্ডের অফিস। গোটা এলাকা সিসি ক্যামেরায় মোড়া। নিরাপত্তাও তুলনামূলক বেশি। সেখানে কী ভাবে এ ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। নজর রাখা হয়েছে সিসিটিভি ফুটেজেও। আটক হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কোনও তথ্য মেলে কি না, তার চেষ্টায় তদন্তকারীরা।

সোমবার শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে সাজসাজ রব পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথম বার শ্যামাপ্রসাদের রাজ্যে তাঁর দর্শন অনুসারী দলের সরকার গঠিত হয়েছে, ফলে এ বার এই কর্মসূচি পালনে বিজেপির সর্বস্তরে বাড়তি উদ্যম। কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে পদ্মশিবিরের তরফে। তার আগে কলকাতায় বেদি ভাঙার ঘটনায় নিন্দা বিজেপির।

Advertisement
আরও পড়ুন