—প্রতীকী চিত্র।
প্রতারণার জন্য প্রবীণ নাগরিকদের নিশানা করা চলছেই। ফের এমনই একটি ঘটনায় নিউ টাউন থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সিবিআই অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে প্রায় ৪১ লক্ষ টাকা হাতিয়েছিল জালিয়াতেরা। সেই ঘটনায় অর্ঘ্য দাস নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, প্রতারিত প্রবীণ নাগরিক অভিযোগে জানিয়েছিলেন, গত ৫ মার্চ একটি অজানা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। বলা হয়, নরেশ গোয়েলনামে এক ব্যক্তির বাড়িতে ওই বৃদ্ধের নামে একটি এটিএম কার্ড মিলেছে। অথচ, সেই কার্ডটি যে ব্যাঙ্কের, সেখানে অভিযোগকারীর কোনও অ্যাকাউন্টই নেই।
ওই বৃদ্ধ জানিয়েছেন, এর পরে অন্য নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং তাঁকে নানা কথা বলে ভয় দেখায়। আতঙ্কে অভিযোগকারী তাঁর স্থায়ী আমানত ভেঙে ৪০ লক্ষ ৯৫ হাজার টাকা পাঠিয়ে দেন প্রতারকদের দেওয়া অ্যাকাউন্টে।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই বৃদ্ধ প্রথমে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করেন। পরে গত ১০ মার্চ নিউ টাউন থানায় সব জানান।