বৃষ্টির মধ্যে লোকভবন অভিযানে ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। — নিজস্ব চিত্র।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার বৃষ্টি-ভেজা শহরে প্রতিবাদের ঝাঁঝ বাড়াল কংগ্রেস এবং বাম দলগুলির ছাত্র সংগঠন। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের ডাকে হয়েছে লোকভবন (রাজভবনের বর্তমান নাম) অভিযান। একই বিষয়ে আলাদা ভাবে পথে নেমেছিল বাম ছাত্র সংগঠনগুলিও।
নিট-কাণ্ডের প্রতিবাদে ছাত্র পরিষদের ডাকে লোকভবন অভিযান উপলক্ষে আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়েছিলেন সংগঠনের নেতা-কর্মীরা। লোকভবনের কাছাকাছি পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী-সহ বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। তার আগে প্রিয়াঙ্কার বক্তব্য, “কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ব্যর্থ। তাঁর পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন। নিট-কেলেঙ্কারিতে ২০ জন প্রাণ হারিয়েছেন। এর জবাব কে দেবে?” পাশাপাশি, একই বিষয়ে সাতটি বাম ছাত্র সংগঠন এসএফআই, আইসা, ডিএসও, পিএসইউ, ছাত্র ব্লক, পিডিএসএফ, ডিওয়াইএসএ-র ডাকে এ দিন কলেজ স্ট্রিটে বিক্ষোভ মিছিল হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের গাফিলতি, রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গে বুলডোজ়ার রাজের অভিযোগ তুলে সরব হয়েছেন ছাত্র নেতৃত্ব। তাঁরাও ধর্মেন্দ্রের পদত্যাগের দাবি তুলেছেন। একই সঙ্গে, নিট ইউজি-র পরীক্ষা পরিচালন সংস্থা এনটিএ বাতিলের দাবিও তোলা হয়েছে।