Santanu Sen

আবার বিতর্ক, শান্তনুকে প্রেসক্রিপশন থেকে বিদেশি ডিগ্রি মোছার নির্দেশ

গত বছর প্রথম শান্তনুর এফআরসিপি ডিগ্রি ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিল কাউন্সিল। শান্তনুর বিদেশি ডিগ্রি ভুয়ো, এই অভিযোগে তাঁর রেজিস্ট্রেশন দু’বছরের জন্য নিলম্বিত করে কাউন্সিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন শান্তনু।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০০

—প্রতীকী চিত্র।

প্রেসক্রিপশনে তিনি বিদেশি ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। তিন দিনের মধ্যে তাঁর প্রেসক্রিপশনের প্যাড পরিবর্তন করতে হবে। প্রাক্তন সাংসদ, চিকিৎসক শান্তনু সেনকে মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। নির্দেশ না মানলে বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখে শান্তনুর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে কাউন্সিল। যদিও শান্তনুর দাবি, ‘‘অন্যায় ভাবে আগেও আমার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল। পরে হাই কোর্টের নির্দেশে এফআরসিপি (গ্লাসগো) ডিগ্রি ব্যবহার করে প্র্যাকটিস করছিলাম। ডিগ্রি প্রদানকারী সংস্থাও জানিয়েছে, আমার বিদেশি ডিগ্রি বৈধ।’’

গত বছর প্রথম শান্তনুর এফআরসিপি ডিগ্রি ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিল কাউন্সিল। শান্তনুর বিদেশি ডিগ্রি ভুয়ো, এই অভিযোগে তাঁর রেজিস্ট্রেশন দু’বছরের জন্য নিলম্বিত করে কাউন্সিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন শান্তনু। গত জুলাইয়ে হাই কোর্ট রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেয় এবং যে অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত, তার তদন্ত চালানোর জন্য কাউন্সিলকে নির্দেশ দেয়। সেই মতোই তাঁরা বিষয়টি বিশদে খতিয়ে দেখেন বলে দাবি করেছেন মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়। তিনি বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখার পরে শান্তনুকে শুনানিতে ডাকা হয়েছিল। এবং কাউন্সিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।’’ এ দিন কাউন্সিলে উপস্থিত হয়েছিলেন শান্তনু।

শান্তনু আগেও দাবি করেছিলেন যে, ‘রয়্যাল কলেজ অব ফিজ়িশিয়ান্স অ্যান্ড সার্জনস অব গ্লাসগো’ তাঁর বিদেশি ডিগ্রি বৈধ বলে জানিয়ে দিয়েছে। এ দিন সুদীপ্ত বলেন, ‘‘শান্তনু ওই ডিগ্রি পরীক্ষা দিয়ে পাননি। এটি সাম্মানিক বা আলঙ্কারিক। তাই ওঁকে দেশীয় এমবিবিএস এবং ডিএমআরডি ডিগ্রি প্রেসক্রিপশনে লিখতে বলা হয়েছে।’’ সুদীপ্তের দাবি, তাঁদের পাঠানো প্রশ্নে বিদেশি ডিগ্রি প্রদানকারী সংস্থা জানিয়েছে, ওই সাম্মানিক ডিগ্রি ডাক্তারির রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত করা যায় না। তার পরেই কাউন্সিলের সদস্যেরা সিদ্ধান্ত নিয়েছেন, প্রেসক্রিপশনে ওই ডিগ্রি লিখে শান্তনু প্র্যাকটিস করতে পারবেন না।

যদিও এ দিন কাউন্সিলের শুনানি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি শান্তনু। তাঁর কথায়, ‘‘আজকের শুনানির কথোপকথন নির্বাচনের আগে বাইরে বলে কোনও ভাবেই বিভ্রান্তি ছড়াতে চাই না। যেটা করার নিশ্চয়ই করব এবং আমি কোনও অন্যায় করিনি।’’

আরও পড়ুন