Mamata Banerjee FIR

মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের! ভোটপ্রচারের মন্তব্যে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ

ভোটের প্রচারপর্বে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করেছিলেন মমতা। সেই মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয় নেতাজিনগর থানায়। তার ভিত্তিতে পদক্ষেপ করেছে হেয়ার স্ট্রিট থানা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৫:১৯
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার এফআইআর দায়ের করল হেয়ার স্ট্রিট থানা। বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে পদক্ষেপ করেছে পুলিশ। ঘৃণা ছড়ানো, উস্কানি, ভয় দেখানো এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় এফআইআর করা হয়েছে।

Advertisement

ভোটের প্রচারপর্বে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করেছিলেন মমতা। দাবি করেছিলেন, একটি সম্প্রদায় জোট বাঁধলে ১২টা বাজিয়ে দেবে। তা এড়াতে হলে বিজেপির অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক চলছিলই। নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের বাসিন্দা তুষারকান্তি দাস গত ২০ মে নেতাজিনগর থানায় এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মমতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান তিনি। অভিযোগপত্রে মমতার সেই মন্তব্যও তুলে দেওয়া হয়েছিল। দাবি, কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ না করলেও এই মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক ভোটপরবর্তী হিংসা এবং সাম্প্রদায়িক অশান্তির জন্য মমতার এই মন্তব্য দায়ী বলেও দাবি করেছেন অভিযোগকারী। এই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করেছে হেয়ার স্ট্রিট থানা। দায়ের করা হয়েছে জ়িরো এফআইআর।

অভিযোগপত্রে বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রাথমিক ভাবে উস্কানিমূলক, হিংসাত্মক এবং সাম্প্রদায়িক। এর থেকে ভয় এবং ঘৃণা ছড়াতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে এবং একাধিক সম্প্রদায়ের মধ্যে শান্তি বিঘ্নিত হতে পারে। সাধারণ মানুষের মনে এই মন্তব্য গভীর প্রভাব ফেলতে পারে। অভিযোগকারী বলেছেন, ‘‘যদি একে গুরুত্ব না দেওয়া হয়, এর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। রাজ্যের গণতান্ত্রিক পরিবেশে ব্যাঘাত ঘটাতে পারে এই মন্তব্য। এটা দেশের সংবিধানের বিরোধী।’’ এ ছাড়া, নির্বাচনের আগে এই মন্তব্য আদর্শ আচরণবিধিও লঙ্ঘন করেছে বলে অভিযোগ। ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

Advertisement
আরও পড়ুন