Fire in Kolkata Building

সাতসকালে অগ্নিকাণ্ড কলকাতায়! আমহার্স্ট স্ট্রিটের দোকানে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আমহার্স্ট স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। এলাকার একটি মুদিখানার দোকানে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৬টি ইঞ্জিন। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০৯:৩০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভাইফোঁটার সকালে অগ্নিকাণ্ড কলকাতায়! আগুন লেগে গেল আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি দোকানে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কিছু দোকান।

Advertisement

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আমহার্স্ট স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। দমকল সূত্রে খবর, ৮টা নাগাদ তাঁরা খবর পান, এলাকার একটি মুদিখানার দোকানে আগুন লেগে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। শেষমেশ ১০টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

যদিও স্থানীয়েরা জানাচ্ছেন, সকালে প্রথমে একটি প্রিন্টিং প্রেস থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। কিছু ক্ষণের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। জনাকীর্ণ এলাকা হওয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের দোকানগুলি।

কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দোকানের ভিতরে নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। বড় দুর্ঘটনা এড়াতে সেখান থেকে তড়িঘড়ি গ্যাস সিলিন্ডারগুলি সরিয়ে ফেলা হয়। এলাকার কাউন্সিলরও ঘটনাস্থলে পৌঁছোন। ঘটনাস্থলে গিয়েছিলেন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষও।

Advertisement
আরও পড়ুন