—প্রতিনিধিত্বমূলক চিত্র।
আবার কলকাতায় অগ্নিকাণ্ড। এ বার দক্ষিণ কলকাতার আনন্দ আবাসনে আগুন লাগার ঘটনা ঘটল। গত কয়েক দিনে শহরের বুকে কয়েকটি আবাসনে আগুন লাগে। মঙ্গলবার দুপুরে সাদার্ন অ্যাভিনিউ এলাকার ওই ফ্ল্যাটে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায়। শুধু তা-ই নয়, এই সাদার্ন অ্যাভিনিউয়ে অন্য এক প্রান্তে চলন্ত চারচাকায় আগুন লাগে। ওই গাড়ির ইঞ্জিনে আগুন ধরে। তবে আগুন বেশি ছড়াতে পারেনি।
মঙ্গলবার বেলায় দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের আনন্দ আবাসনে আগুন লাগে। দ্রুত আগুন ছড়াতে শুরু করে। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলবাহিনী। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়।
সাদার্ন অ্যাভিনিউয়ে গাড়িতে আগুন। —নিজস্ব চিত্র।
কী ভাবে ওই ফ্ল্যাটে আগুন লাগল, তা স্পষ্ট নয়। শর্ট সার্কিট না কি রান্নার জায়গা থেকে আগুন ছড়িয়েছে, তা খতিয়ে দেখা হবে জানিয়েছে দমকল। বহুতলে আগুন লাগায় অন্য বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এক আবাসিক বলেন, ‘‘আমরা প্রথমে পোড়া পোড়া গন্ধ পাই। তার পরে দরজা খুলে দেখি কালো ধোঁয়া। ভয় পেয়ে দ্রুত নীচে নেমে আসি। অনেকেই ফ্ল্যাট ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।’’ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। মেলেনি হতাহতের খবরও। আরও খবর, ওই আবাসনে অনেক সারমেয় রয়েছে। বাসিন্দাদের পাশাপাশি তাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
সোমবারই রুবি সংলগ্ন আবাসন ‘আরবানা’র একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ধরতেই তড়িঘড়ি আবাসিকেরা নেমে আসেন নীচে। পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার কয়েক দিন আগে টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়েও পড়ে। তবে দমকলের চেষ্টায় কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।