Garga Chatterjee Arrest

গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়! ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য, ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ

পুলিশ সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে এই পদক্ষেপ। বুধবার গর্গকে আদালতে হাজির করানো হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৫:৩৬
Garga Chatterjee

গর্গ চট্টোপাধ্যায়।— ফাইল চিত্র।

গ্রেফতার ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার সেল তাঁকে গ্রেফতার করেছে বলে খবর। অভিযোগ, বিধানসভা ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনি। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ওঠে গর্গের বিরুদ্ধে।

Advertisement

সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফ থেকে ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেখান থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ যায়। তার ভিত্তিতে এই পদক্ষেপ। বুধবার গর্গকে আদালতে হাজির করানো হতে পারে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আবহে গর্গ প্রশ্ন তুলেছিলেন, রাতে দেখেশুনে সিল করে রাখার পরেও ভোটগণনার সময় কেন ইভিএম খারাপ হচ্ছে? ভবানীপুর বিধানসভার ভোটার গর্গ ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। অন্য দিকে, ভোট দিয়ে বার হওয়ার আগে ভাল করে ভিভিপ্যাট দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা। তা ছাড়া নির্বাচনের আগে কমিশনের বিরুদ্ধে শোভাযাত্রায় অনুমতি না দেওয়ার অভিযোগ তোলে ‘বাংলা পক্ষ’। তাদের দাবি ছিল পয়লা বৈশাখে শোভাযাত্রা বার করতে চেয়ে কমিশনের অনুমতি পায়নি তারা।

অন্য দিকে, তদন্তকারীদের দাবি, নির্বাচন চলাকালীন গর্গের ইভিএম সংক্রান্ত মন্তব্য আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘনের শামিল। বুধবার তাঁকে আদালতে হাজির করানো হবে। নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের আবেদন করতে পারে পুলিশ।

বিকেলে সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, দু’বার তলব করা হয়েছিল গর্গকে। কিন্তু তিনি হাজিরা দেননি। তার পরেই মঙ্গলবার কলকাতা থেকে গর্গকে গ্রেপতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন