CBSE on Question paper Leak

সমাজমাধ্যমে প্রশ্ন ছড়ালে চার বছর পরীক্ষা বাতিল! নির্দেশ সিবিএসই-র

আসন্ন দুই পরীক্ষার আগে এই সংক্রান্ত একগুচ্ছ নিয়ম প্রকাশ করেছে সিবিএসই। সেখানে পরীক্ষার সময়ে কী কী আনা যাবে, সেই সংক্রান্ত নিয়মাবলী দিয়েছে তারা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সমাজমাধ্যমে পরীক্ষার প্রশ্ন বা তার উত্তর ছড়ালে সেই বছর তো বটেই, পরবর্তী তিন বছরের জন্য পরীক্ষা বাতিল হতে পারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর। আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার আগে এমনটাই জানিয়েছে সিবিএসই বোর্ড।

আসন্ন দুই পরীক্ষার আগে এই সংক্রান্ত একগুচ্ছ নিয়ম প্রকাশ করেছে সিবিএসই। সেখানে পরীক্ষার সময়ে কী কী আনা যাবে, সেই সংক্রান্ত নিয়মাবলী দিয়েছে তারা। তাতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল-সহ ধরা পড়লে শুধু সেই বছরেই নয়, তার পরের বছরও পরীক্ষা দিতে পারবে না সংশ্লিষ্ট পরীক্ষার্থী। কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের বাইরেউত্তরপত্র নিয়ে গেলে তার পরের বছরের পরীক্ষাও বাতিল হবে। কোনও পরীক্ষার্থী পরী‌ক্ষা সংক্রান্ত গুজব ছড়ালেও সেই বছরের সঙ্গে পরের বছরের পরীক্ষা বাতিল হবে। পরীক্ষা কেন্দ্রে কোনও রকম অভব্য আচরণ করলে, কারও সঙ্গে হাতাহাতিতে জড়ালে বা পরীক্ষার হলে গার্ডকে হুমকি দিলেও একই পরিণতি হবে ওই পরীক্ষার্থীর।

পরীক্ষার হলে অন্য পরীক্ষার্থীর সঙ্গে কথা বললে, কোনও কিছু দেখে লিখলে সেই পরীক্ষার্থীর সেই বছরের সব পরীক্ষা বাতিল হবে। উত্তরপত্র ছাড়া অন্য কোনও জায়গায়, এমনকি প্রশ্নপত্রেও যদি কেউ কিছু লেখে, তা হলে তার সেই দিনের সেই পরীক্ষা বাতিল হতে পারে। পরীক্ষার উত্তরপত্র বা প্রশ্ন ছিঁড়ে দিলে, আগের বছরের প্রশ্নপত্র বা কোনও কাগজপত্র পকেটে থেকে গেলে ওই পরীক্ষার্থীরসেই পরীক্ষা বাতিল হতে পারে। তাই সিবিএসই বোর্ড জানাচ্ছে, পরীক্ষার হলে ঢোকার আগে পরীক্ষার্থীদের ভাল করে দেখে নিতে হবে, ভুল করেও কোনও কাগজপত্র যেন পকেটে থেকে না যায়।

সেই সঙ্গে সিবিএসই বোর্ড আরও জানিয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের স্কুলের পোশাকেই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। যারা নিয়মিত পড়ুয়া নয়, তাদের হালকা রঙের পোশাক পরতে হবে। প্রতিটি পরীক্ষায় অ্যাডমিট কার্ড-সহ স্কুলের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পেনের ব্যাগ, জলের বোতল স্বচ্ছ হতে হবে। অ্যানালগ ঘড়ি সঙ্গে রাখা যাবে। মোবাইল-সহ যে কোনও বৈদ্যুতিন যন্ত্র নিষিদ্ধ। তবে মেট্রো রেলের কার্ড, বাসের পাস বা টাকাপয়সা সঙ্গে রাখা যাবে।

আরও পড়ুন