Dollar Recovery

লক্ষ লক্ষ ডলার উদ্ধার কলকাতায়! এল কোথা থেকে? উৎস খুঁজছে পুলিশ, পার্ক স্ট্রিটে গ্রেফতার সন্দেহভাজন তিন যুবক

ধৃতদের মধ্যে এক জনের বাড়ি পশ্চিমবঙ্গে। বাকি দু’জন মুম্বইয়ের বাসিন্দা। তাঁদের সঙ্গে যে বিদেশি মুদ্রা ছিল, তার কোনও নথিপত্র দেখাতে পারেননি অভিযুক্তেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮
পার্ক স্ট্রিট এলাকা থেকে উদ্ধার হওয়া ডলার এবং থাই ভাট।

পার্ক স্ট্রিট এলাকা থেকে উদ্ধার হওয়া ডলার এবং থাই ভাট। — নিজস্ব চিত্র।

প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা-সহ কলকাতায় গ্রেফতার হলেন তিন যুবক। তাঁদের কাছ থেকে নগদে ৪ লক্ষ ৭৪ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ৪ কোটি ৩১ লক্ষ ৯৪ হাজার টাকা) পাওয়া গিয়েছে। মিলেছে তিন লক্ষ থাই ভাট (ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৭৭ হাজার টাকা)-ও। তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সায়ন দাস, আসাদ মহম্মদ পঞ্জাবি এবং ফিরোজ খান।

Advertisement

মঙ্গলবার বেশি রাতের দিকে পার্ক স্ট্রিট চত্বর থেকে গ্রেফতার করা হয় তিন জনকে। সূত্রের খবর, ধৃতদের মধ্যে সায়ন পশ্চিমবঙ্গের বাসিন্দা। বাকি দু’জন মুম্বইয়ের বাসিন্দা। সায়নেরও মুম্বইয়ে আস্তানা রয়েছে বলে জানা যাচ্ছে। ধৃতদের দাবি, তাঁরা ওই বিদেশি মুদ্রা মুম্বইয়ে নিয়ে যাচ্ছিলেন। কর্মসূত্রেই এই লক্ষ লক্ষ ডলার এবং থাই ভাট নিয়ে যাচ্ছিলেন তাঁরা। বৈদেশিক মুদ্রাগুলি বিনিময়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি তাঁদের। কিন্তু এই বিদেশি মুদ্রার কোনও নথিপত্র দেখাতে পারেননি ধৃতেরা। সেই কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পার্ক স্ট্রিট চত্বর থেকে এই বিদেশি মুদ্রা উদ্ধার হওয়ায় বিষয়টি আরও খতিয়ে দেখতে চাইছে পুলিশ। কী উদ্দেশে ওই ডলার এবং থাই ভাট নিয়ে যাওয়া হচ্ছিল, কোথা থেকে এসেছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল— সেই সব তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ। ধৃতদের দাবি কতটা সত্য, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সন্দেহজনক গতিবিধি এবং টাকার উৎস দেখাতে না পারার কারণে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন