West Bengal Weather Update

কলকাতায় টানা তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়েই! কবে কোথায় বর্ষণ? কী হবে উত্তরবঙ্গে

শনিবার বিকেলেও বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টি হয়েছে। রবিবার দিনভর শহরের আকাশ ছিল মেঘলা। আপাতত তিন দিন শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১০:৫৮
কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিছু দিন।

কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিছু দিন। ছবি: পিটিআই।

পর পর তিন দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেলেও বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টি হয়েছে। রবিবার দিনভর শহরের আকাশ ছিল মেঘলা। সোমবার সকালেও তেমন রোদ ওঠেনি। আপাতত কিছু দিন আবহাওয়া এমনই থাকবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি-সহ দক্ষিণের কমবেশি সব জেলাতেই। আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝো়ড়ো হাওয়াও বইতে পারে। বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।

উত্তরবঙ্গের সব জেলাতেই চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে সতর্কতা রয়েছে বুধবারের জন্যেও। ঝড়বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কোথাও আপাতত তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। তবে পারদ চড়তে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণের কোথাও আগামী সাত দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রাও একই রকম থাকবে আগামী অন্তত চার দিন। তার পর সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। শহরে দিনভর মেঘলা আকাশ থাকবে।

Advertisement
আরও পড়ুন