West Bengal Weather Update

বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণের ৯ জেলায়! সাগরে ফের নিম্নচাপ, আরও চড়বে পারদ

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে চলতি সপ্তাহে অন্তত দু’দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৩
কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।

কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। —ফাইল চিত্র।

বঙ্গোপসাগরে ফের মাথা চাড়া দিচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এ ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়। তবে এই জেলাগুলিতে আলাদা করে আবহাওয়ার কোনও সতর্কতা জারি করা হয়নি। সতর্কতা রয়েছে কেবল চার জেলার জন্য।

বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের তাপমাত্রায় আগামী সাত দিনে বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও দু’ডিগ্রি বাড়তে পারে। তার পরের ছ’দিনে তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না।

এমনিতেই কলকাতা ও শহরতলিতে ঠান্ডা কমে গিয়েছে। সকালের দিকে যে শীতের হালকা আমেজ অনুভব করা যাচ্ছিল, তা-ও ধীরে ধীরে উধাও হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।

Advertisement
আরও পড়ুন