Fire Incident in Newtown

রাতের কলকাতায় দু’জায়গায় অগ্নিকাণ্ড! নিউটাউনে পুড়ল ঝুপড়ি, কাঁকুড়গাছির কারখানায় ফাটল অক্সিজেন সিলিন্ডার

বুধবার সন্ধ্যায় ঘুনি বস্তিতে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। মধ্যরাতে কাঁকুড়গাছিতেও আগুন লাগে। অক্সিজেন সিলিন্ডারের কারখানায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়। অগ্নিকাণ্ডের ঘটনাগুলিতে কারও হতাহতের খবর মেলেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮
আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। বুধবার সন্ধ্যায় নিউটাউনের ঘুনি বস্তিতে।

আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। বুধবার সন্ধ্যায় নিউটাউনের ঘুনি বস্তিতে। —নিজস্ব চিত্র।

নিউটাউনে ইকো পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ধোঁয়ায় ঢাকল আশপাশের এলাকা। বুধবার সন্ধ্যায় ঘুনি বস্তির একাধিক ঝুপড়িতে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে ঘটনাস্থলে গিয়েছিল দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে না-আসায় পরে আরও ১০টি ইঞ্জিন গিয়েছে সেখানে। আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর এখনও পর্যন্ত নেই। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিছু কিছু জায়গায় আগুন পুরোপুরি না নেবার কারণে বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন যায়। দমকলের এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ‘কুলিং ডাউন’-এর প্রক্রিয়াও শুরু হয়েছে।

Advertisement

কী কারণে এই অগ্নিকাণ্ড, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঝুপড়িগুলোতে বাঁশ, ত্রিপলের মতো দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বস্তিতে ঢোকার রাস্তা সরু এবং ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হচ্ছে। সেই কারণে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় দমকলকর্মীদের। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু।

সকাল ৭টা ১০ মিনিটে আগুন লাগার খবর যায় দমকলের কাছে। তার পর থেকে অন্তত ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, আগুন লাগার পর বেশ কয়েক বার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেমন সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না দমকলও। নিউটাউনের ওই বস্তিতে বহু মানুষ থাকতেন। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে প্রবল ঠান্ডায় তাঁদের অনেকেই মাথার ছাদ হারালেন।

অন্যদিকে, বুধবার মধ্যরাতে কাঁকুড়গাছিতেও আগুন লাগার ঘটনা ঘটে। অক্সিজেন সিলিন্ডারের কারখানায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে গিয়েছিল দমকলের অন্তত ১৫টি ইঞ্জিন। রাতেই দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় মানিকতলা থানার পুলিশ। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

Advertisement
আরও পড়ুন