— প্রতীকী চিত্র।
কলকাতার তপসিয়ায় বাইকে ধাক্কা দিল অ্যাপনির্ভর শাটল বাস। সোমবার সকালে ব্যস্ত সময়ের সেই দুর্ঘটনায় পথেই প্রাণ হারালেন এক জন। আহত আরও দু’জন। তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, চার নম্বর সেতু থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল একটি অ্যাপ বাস। অভিযোগ, দ্রুত গতিতে চলছিল সেই বাস। আচমকাই প্রথমে এক পথচারীকে ধাক্কা দেয়। পরে একটি বাইকে ধাক্কা দেয় বাসটি। বাইক থেকে ছিটকে পড়েন দুই আরোহী।
আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে।