Road Accident

মিনিবাসের ধাক্কায় মৃত্যু বাইকচালক ও আরোহীর

স্থানীয় বাসিন্দাদের দাবি, এ দিন দুপুরে মেটিয়াবুরুজ থেকে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। আলিফনগর দমকল কেন্দ্রের সামনে উল্টো দিক থেকে আসা একটি অ্যাপ-বাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ০৮:২৫
শাহ আলম।

শাহ আলম। —ফাইল চিত্র।

মিনিবাস ও অ্যাপ-নির্ভর মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুরজিৎ ভড় (৩২) এবং শাহ আলম (৩১)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে, পশ্চিম বন্দর থানা এলাকার আলিফনগর দমকল কেন্দ্রের সামনে সার্কুলার গার্ডেনরিচ রোডে। জানা গিয়েছে, সুরজিতের বাড়ি হুগলির ভদ্রেশ্বরে। আলমের বাড়ি কলকাতার মেটিয়াবুরুজ এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এ দিন দুপুরে মেটিয়াবুরুজ থেকে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। আলিফনগর দমকল কেন্দ্রের সামনে উল্টো দিক থেকে আসা একটি অ্যাপ-বাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন চালক সুরজিৎ ও আরোহী শাহ আলম। তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার পরে সেই অ্যাপ-নির্ভর মোটরবাইক। শনিবার।

দুর্ঘটনার পরে সেই অ্যাপ-নির্ভর মোটরবাইক। শনিবার। — নিজস্ব চিত্র।

দুর্ঘটনার পরে মিনিবাস ও মোটরবাইক বাজেয়াপ্ত করে পুলিশ। মিনিবাসের চালককে আটক করা হয়েছে। কী ভাবে সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

মৃত শাহ আলমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কাকা মহম্মদ শাহিদ বলেন, “বাবার অসুস্থতার কারণে কয়েক দিন আগে দুবাই থেকে ফিরেছিল শাহ। শনিবার হাসপাতালে বাবাকে দেখে বাড়ি ফিরছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে।”

প্রসঙ্গত, ১৮ মে তিলজলায় একটি অ্যাপ-বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারলে ভাঙড়ের দুই বাসিন্দার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরে প্রাণঘাতী পথ দুর্ঘটনা।

আরও পড়ুন