DA Case

ডিএ মামলায় কোর্ট অবমাননার নোটিস

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়-এর নেতাদের দাবি, ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় ঘোষণার দিনই রায়ের কপি সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে, বকেয়া ডিএ-র ২৫% অবিলম্বে দিতে হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৯

— প্রতীকী চিত্র।

মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় রাজ্য সরকারকে অবমাননার নোটিস দিল মামলাকারী কর্মী সংগঠনগুলি। শুক্রবার কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়-এর আইনজীবী ফিরদৌস শামিম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে নোটিস পাঠিয়েছেন বলে খবর। সুদীপ্ত বলেন, ‘‘সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে বলেছিল। তিন দিনের মধ্যে সেই নির্দেশ পালন করতে বলা হয়েছে।’’ ফিরদৌস বলেন, ‘‘সুপ্রিম কোর্ট বকেয়া ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে বলেছিল। কিন্তু এখনও সে ব্যাপারে পদক্ষেপ না-করায় নোটিস পাঠানো হয়েছে।’’

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়-এর নেতাদের দাবি, ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় ঘোষণার দিনই রায়ের কপি সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে, বকেয়া ডিএ-র ২৫% অবিলম্বে দিতে হবে। কোর্টের নির্দেশে অবিলম্বের অর্থ— যত দ্রুত সম্ভব। সংগঠনের সভাপতি শ্যামলকুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, “রায় বেরনোর আগের একটি শুনানিতে রাজ্য আদালতে বলেছিল, তারা কর্মীদের হাতে না-দিয়ে টাকা কোর্টের কাছে গচ্ছিত রাখতে চায়। অর্থাৎ সরকারের টাকা আছে। তা হলে টালবাহানা কেন করছে?” কর্মচারী মহলে ধারণা, আদালত অবমাননার নোটিস দেওয়ায় নবান্ন রিভিউ পিটিশন করলেও তাতে তেমন কাজ হবে না।

প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটের দিন রায় প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুখ‍্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গড়া হচ্ছে। তবে সেই কমিটির গঠন এবং কাজ কতদূর এগিয়েছে, সরকারি ভাবে জানানো হয়নি।নবান্নের সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ প্রসঙ্গটি ‘বিচারাধীন’ বলে কার্যত এড়িয়ে যান।

আরও পড়ুন