বুধবার বিধানসভায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। — নিজস্ব চিত্র।
হাসপাতালে ভর্তি রয়েছেন সোমবার থেকে। এর মধ্যেই স্বল্প সময়ের জন্য হাসপাতাল থেকে ছুটি নিয়ে বিধানসভায় পৌঁছে যান কামারহাটির জয়ী প্রার্থী মদন মিত্র। বিধায়কপদে শপথ নিয়ে আবার ফিরে যান হাসপাতালে।
বুধবার দুপুর ৩টের কিছু আগে বিধানসভায় পৌঁছে যান মদন। চোখে মোটা ফ্রেমের চশমা, সাদা পাজামা-পাঞ্জাবি পরে বিধানসভায় পৌঁছোন তিনি। স্পিকার তাপস রায় তাঁকে শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, শপথবাক্য পাঠের পরে ‘জয় বাংলা’ ধ্বনিও দেন মদন। শপথের পরে তিনি আবার ফিরে যান হাসপাতালে।
হাসপাতাল থেকে স্বল্প সময়ের ছুটি নিয়ে বিধানসভায় আসা নিয়ে সাংবাদিকেরা প্রশ্নও করেন মদনকে। তাতে তিনি বলেন, “আজকে তো উত্তর ২৪ পরগনার সব বিধায়কের শপথের দিন। আমি না এলে বিষয়টা ভাল দেখায় না। তাই এসেছি।” বস্তুত, বুধবার সকাল থেকে বিধায়কদের শপথগ্রহণ পর্ব শুরু হয়েছে বিধানসভায়। প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীদের বিধায়কপদে শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নিয়েছেন প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে দুই ২৪ পরগনা এবং নদিয়ার বিধায়কদের শপথ ছিল।
এ বারের বিধানসভা নির্বাচনে নিজের ‘গড়’ কামারহাটি থেকে প্রার্থী হয়েছিলেন মদন। গোটা রাজ্যে যখন তৃণমূলের ফল খারাপ হয়েছে, মদন কিন্তু তাঁর নিজের ‘গড়’ ধরে রাখতে সক্ষম হয়েছেন। কামারহাটি থেকে জিতেছেন মদন। এরই মধ্যে গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিন বিকেলের দিকে তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।