বিতর্কিত মুহূর্ত। ছবি: সংগৃহীত।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সম্মেলন থেকে বেরনোর সময়ে বিতর্কে জড়ালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি গাড়িতে ওঠার মুখে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে কলার খোসা দেখাতে দেখা যায় প্রাক্তন সাংসদকে। ক্যামেরার সামনে তির্যক ভঙ্গিতে তিনি বলেন, “ভিস্যুয়াল (দৃশ্য) দিলাম ভাল!” এই নিয়ে অনুযোগ করা হলে সেলিম ব্যাখ্যা দেন, খাওয়া হয়ে গিয়েছে, এ বার খোসাটা ফেলবেন।
সম্মেলনে সামাজিক ন্যায় এবং সংখ্যালঘুদের অধিকার বিষয়ক এক আলোচনা চক্রে আলিয়ার উপাচার্য রফিকুল ইসলাম এবং অন্য শিক্ষাবিদদের সঙ্গে বক্তা হিসেবে সেলিমের পাশাপাশি ছিলেন শাসক দলের বিধায়ক, প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীর, রাজ্যসভার সদস্য সামিরুল ইসলাম, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী প্রমুখ। সেলিম বলতে ওঠার পরে সভার একাংশে ‘গোব্যাক’ ধ্বনি ওঠে। তৃণমূল ছাত্র পরিষদ সদস্য বলে পরিচিত কয়েক জন বেরিয়েও যান। ছাত্রদের অনেকে টিএমসিপি অনুগামীদের ব্যবহারে বিরক্তি প্রকাশ করেন। এমএডের ছাত্র তথা মাদ্রাসার ছাত্রদের একটি সংগঠনের রাজ্য সম্পাদক মহম্মদ ইরফান সাদিক বলেন, “আমন্ত্রিত এক জন বক্তার উপস্থিতি ঘিরে এই রাজনীতি সমর্থনের নয়। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত নানা অছিলায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটা অংশই এর পিছনে রয়েছে।”