—প্রতিনিধিত্বমূলক ছবি।
এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত বড়খাঁকড়ি গ্রাম পঞ্চায়েতের ভালুকঘোরা গ্রামে। মৃতার নাম লক্ষ্মী মুর্মু। এই ঘটনায় গ্রেফতার ওই গ্রামের এক দম্পতি।
পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে ওষুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন লক্ষ্মী। বেলা গড়িয়ে সন্ধ্যা নামার পরেও বাড়িতে না ফেরায় তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন পরিবারের সদস্যেরা। যোগাযোগ করতে না পেরে তাঁরা ভেবেছিলেন ফিরতে দেরি হচ্ছে দেখে তিনি হয়তো কোনও আত্মীয়ের বাড়িতে থেকে গিয়েছেন।
পরের দিন বিকালে তাঁরা দুঃসংবাদটি পান। মৃতার স্বামী সামরায় মুর্মু শিলিগুড়িতে ঠিকাদারি সংস্থার হয়ে রেললাইন তৈরির কাজ করেন। বড় ছেলে পড়াশোনা শেষ করে বাড়িতে রয়েছেন, ছোট ছেলে স্কুলের হস্টেলে থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তাঁকে তাঁর মায়ের মৃত্যুর খবর এখনও দেওয়া হয়নি।
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছোয় নয়াগ্রাম থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে তাঁরা ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান ময়নাতদন্তের জন্য। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে গ্রামেরই এক দম্পতিকে।