Music Video

পরিযায়ী শ্রমিকদের স্মরণে সৃজনদের গান

আমেরিকার শিল্পী হেডি ওয়েস্টের ছয়ের দশকের গান ‘ফাইভ হান্ড্রেড মাইলসে’র বাংলায় ভাবানুবাদ করেছেন ‘এবং কয়েক জনে’র অন্যতম সদস্য, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৭:১৪
মিউজ়িক ভিডিয়ো প্রকাশে সৃজন ভট্টাচার্যেরা। কলকাতা প্রেস ক্লাবে।

মিউজ়িক ভিডিয়ো প্রকাশে সৃজন ভট্টাচার্যেরা। কলকাতা প্রেস ক্লাবে। — নিজস্ব চিত্র।

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভিন্‌-রাজ্যে ‘হেনস্থা’র নানা অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে কোনও দলীয় রাজনীতির কথা না-বলে কোভিড-কালে পরিযায়ী শ্রমিকদের স্মরণে রেখে ‘পাঁচশো মাইলের গান’ নামে একটি গানের ভিডিয়ো প্রকাশ করল ‘এবং কয়েক জন’ শীর্ষক গানের দল।

আমেরিকার শিল্পী হেডি ওয়েস্টের ছয়ের দশকের গান ‘ফাইভ হান্ড্রেড মাইলসে’র বাংলায় ভাবানুবাদ করেছেন ‘এবং কয়েক জনে’র অন্যতম সদস্য, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। গানটি গেয়েছেন আরাত্রিকা। রূপান্তর ও ভিডিয়োগ্রাফিতে, দীপ্তদীপ। কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠানের শুরুতেই সৃজন বলেছেন, “রাজনীতি থেকে মানুষের জীবন-যন্ত্রণার কথা হারিয়ে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে হিন্দু-মুসলমান, মন্দির-মসজিদের মতো অপ্রাসঙ্গিক বিষয়। আমাদের চেষ্টা, সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা গানের মাধ্যমে তুলে ধরা।” এই ভোটের আবহে গানটি প্রকাশ কেন, সে প্রশ্ন উঠতেই সৃজনের বক্তব্য, “সম্প্রতি জনতা কারফিউয়ের ছ’বছর পেরিয়েছে। সেই সময়ে আমরা দেখেছি, হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মানুষের মৃত্যু। সেই মানুষ আজও নোটবন্দি, রেশন, গ্যাস, নাগরিকত্ব প্রমাণের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।” এই সূত্রেই সৃজনের লেখা গানে রয়েছে— ‘আমরা বুঝি, খুব অসহায়?/ আমরা খুঁজি পেট, ভরবে কোথায়/ একের পর এক ভোট চলে যায়,/ (আর আমরা) গান গেয়ে যাই।’

আরও পড়ুন