Suicide

আইবুড়ো ভাতের দিন ঘর থেকে উদ্ধার কনের ঝুলন্ত দেহ! শান্তিপুরে দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ের আগে চরম পদক্ষেপ

শিলা তাঁর ঠাকুমার সঙ্গে একই ঘরে ঘুমোতেন। রবিবার সকালে ঠাকুমা ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিছু ক্ষণ পরে সেখানে ফিরে নাতনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৯:২৫

— প্রতীকী চিত্র।

বাড়ির সামনে মণ্ডপ বাঁধা হয়ে গিয়েছে। আত্মীয়স্বজন এসে গিয়েছেন। যাঁর বিয়ে, আইবুড়ো ভাতের দিন সেই কনের নিথর দেহ উদ্ধার হল তাঁরই শোওয়ার ঘর থেকে। নদিয়ার শান্তিপুর থানার ১৬ নম্বর ওয়ার্ডের গবাচর এলাকার ঘটনা। মৃতার নাম শিলা বিশ্বাস। তাঁর বয়স ১৮ বছর।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, শিলা একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। সোমবার তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। পাড়ারই এক যুবকের সঙ্গে দীর্ঘ দিন ধরে তাঁর সম্পর্ক ছিল। সেই যুবকরে সঙ্গেই পরিবারের সম্মতিতে শিলার বিয়ে ঠিক হয়। এমনকি, বিয়ের কেনাকাটা হবু বরের সঙ্গেই করেছিলেন ওই তরুণী। দুই বাড়িতেই চলছিল বিয়ের প্রস্তুতি।

শিলা তাঁর ঠাকুমার সঙ্গে একই ঘরে ঘুমোতেন। রবিবার সকালে ঠাকুমা ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিছু ক্ষণ পরে সেখানে ফিরে নাতনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাঁর চিৎকারে বাড়ির সকলে ছুটে আসেন। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

কেন বিয়ের আগের দিন এমন সিদ্ধান্ত নিলেন তরুণী, তা নিয়ে ধন্দে পরিবার। শিলার বাবা ও দাদার দাবি, পরিবারে কোনও অশান্তি ছিল না। শনিবার রাতে খাওয়াদাওয়ার পরে ঘুমোতে গিয়েছিলেন শিলা। এটি নিছক আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন