Son Attacks Father

টাকার জন্য স্ত্রীকে মার, বাবাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা! মুর্শিদাবাদের হরিহরপাড়ায় চাঞ্চল্য, আটক যুবক

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম উজ্জ্বল চক্রবর্তী। শনিবার রাতে তিনি স্ত্রীর কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিলেন। স্ত্রী টাকা দেন। তখন উজ্জ্বল কাজের বাহান দেখিয়ে আরও পাঁচ হাজার টাকা চান। ওই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয় তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৪:৪৬

—প্রতিনিধিত্বমূলক ছবি।

টাকা নিয়ে বিবাদের জেরে জন্মদাতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল পুত্রের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া হাই স্কুল রোড সংলগ্ন এলাকায়। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম উজ্জ্বল চক্রবর্তী। শনিবার রাতে তিনি স্ত্রীর কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিলেন। স্ত্রী টাকা দেন। তখন উজ্জ্বল কাজের বাহান দেখিয়ে আরও পাঁচ হাজার টাকা চান। ওই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয় তাঁর। অভিযোগ, টাকা না-পেয়ে স্ত্রীকে মারধর করতে যান যুবক। সেই সময় উজ্জ্বলের বাবা উত্তম চক্রবর্তী ছেলেকে বাধা দেন। সেই সময় হাতের কাছে থাকা একটি ধারালো হাঁসুয়া নিয়ে বাবাকে আক্রমণ করেন। ছেলের আক্রমণে রক্তাক্ত হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন উত্তম।

চিৎকার এবং আর্তনাদে প্রতিবেশীরা উত্তমদের বাড়িতে গেলে উজ্জ্বল সেখান থেকে দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় উত্তমকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন প্রতিবেশীরা। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিল হরিহরপাড়া থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তের মা ছেলের কঠোর শাস্তি দাবি করেছেন।

Advertisement
আরও পড়ুন