Personnel and Administrative Reforms Department

ছুটির দিনে উচ্চপদস্থ সরকারি কর্তাদের সাহায্য করতে পালা করে কর্মীদেরও অফিসে যেতে হবে! বিজ্ঞপ্তি কর্মিবর্গ দফতরের

রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের নির্দেশিকা জানাচ্ছে, উচ্চপদস্থ আধিকারিকেরা শনি-রবিবার এবং অন্য ছুটির দিনেও সরকারি কাজ করেন। তাঁদের সাহায্য করতেই এই পদক্ষেপ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৩:৩১
New Memorandum of West Bengal Personnel & Administrative Reforms (P&AR) Department on holidays

সরকারি পরিষেবা নির্বিঘ্নে চালাতে উদ্যোগী রাজ্য সরকার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজ্য সরকারের সব দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজন মতো শনি, রবি বা অন্যান্য সরকারি ছুটির দিনেও আসতে হয় অফিসে। তাঁদের সহায়তার জন্য এ বার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের (পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট) বিভিন্ন সেলের (শাখা) কর্মীদেরও পালা করে ছুটির দিনগুলিতে অফিসে আসতে হবে। বৃহস্পতিবার দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

Advertisement

রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের নির্দেশিকা জানাচ্ছে, উচ্চপদস্থ আধিকারিকেরা শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনেও সরকারি কাজ পরিচালনা করেন। সেই কারণে দফতরের বিভিন্ন শাখাকেও প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে হতে পারে। তাই দফতরের সব শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, সরকারি ছুটির দিন, শনিবার ও রবিবারে ‘রোস্টার ভিত্তিতে’ (পালা করে) ন্যূনতম সংখ্যক কর্মী (সরকারি বিজ্ঞপ্তিতে ‘স্কেলিটন স্টাফ’) অফিসে উপস্থিত থাকবেন। সরকারি কাজ যাতে নির্বিঘ্নে চলতে পারে সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের ভিত্তিতে দফতরের বিশেষ সচিব ওই নির্দেশিকা জারি করেছেন। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, যেহেতু ওই দফতরের অধীনেই বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও-র দফতর রয়েছে, তাই পরবর্তী স্তরে পর্যায়ক্রমে নীচের স্তরের ছুটির দিনে পালা করে অফিসে হাজিরার এমন নির্দেশিকা জারি হতে পারে।

অন্য দিকে, গত ২৩ জুন অর্থ দফতরের তরফে এক আন্তঃদফতর বিজ্ঞপ্তিতে আগামী ৬ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন উপলক্ষে পূর্ণদিবস ছুটি এবং ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটির সিদ্ধান্ত জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল এই ছুটির অনুমোদন দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন