ED Raids

ভোটের দিন ঘোষণার পরদিন ইডি হানা! তিনটি পৃথক মামলায় শুধু শিলিগুড়ি শহরের সাত জায়গায় কেন্দ্রীয় তদন্তকারীরা

সোমবার হাকিমপাড়ার অতুলপ্রসাদ সরণি এলাকায় স্বর্ণ ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তার পর শিলিগুড়ির নয়াবাজার, আশ্রমপাড়া, খালপাড়াতেও অভিযান চলে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৯:৫৭
ED Raids

শিলিগুড়িতে ইডি অভিযান। —নিজস্ব ছবি।

ভোটের দিন ঘোষণার পরের দিনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান রাজ্যে। সোমবার শিলিগুড়ি শহরের একাধিক ছয় থেকে সাতটি জায়গায় অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। পুলিশের একটি সূত্রে খবর, তিনটে পৃথক মামলায় এই অভিযান।

Advertisement

সোমবার হাকিমপাড়ার অতুলপ্রসাদ সরণি এলাকায় স্বর্ণ ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তার পর শিলিগুড়ির নয়াবাজার, আশ্রমপাড়া, খালপাড়াতেও অভিযান চলে। অবৈধ কলসেন্টার, সোনা পাচার এবং একটি চিটফান্ড মামলায় অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

সকাল থেকেই শিলিগুড়ি শহরে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন থাকতে দেখা যায়। পুলিশের একটি সূত্রে খবর, দুধমোড় এলাকার বাসিন্দা স্বপন ঘোষ নামে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। হঠাৎ করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপস্থিতি গোটা এলাকায় কৌতূহলের উদ্রেক ঘটায়। আশপাশের বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছিলেন।

ক্ষুদিরাম পল্লি এলাকায় স্বপনের সোনার দোকান। তাঁর ব্যবসা সংক্রান্ত কিছু নথি, তথ্য ইত্যাদি খতিয়ে দেখা হয় বলে খবর। তদন্তকারী আধিকারিকেরা বাড়ির ভিতর বেশ কিছু সময় ধরে তল্লাশি চালান। অভিযানের সময় নিরাপত্তার জন্য বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি স্থানীয় পুলিশও পরিস্থিতির উপর নজর রাখে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, গত কয়েক বছরে শহরে গজিয়ে উঠেছে বেশ কিছু কলসেন্টার। তাদের বেশির ভাগেরই বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশি অভিযানে বেশ কয়েকটি কলসেন্টার বন্ধও হয়ে গিয়েছে। ওই কলসেন্টারগুলির টাকা কোথায় কোথায় ব্যবহার হতো এবং কারা কারা সংস্থাগুলির সঙ্গে জড়িত, তারই খোঁজ নিচ্ছে ইডি।

আগামী ২৩ এপ্রিল প্রথম দফাতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোট। নির্বাচনে কালোটাকার ব্যবহার আটকাতে কড়া নির্দেশ রয়েছে কমিশনের। ওই আবহে ইডি হানায় শোরগোল শিলিগুড়ি শহরে।

Advertisement
আরও পড়ুন