English Bazar Woman Death

স্কুটার থেকে ছিনতাইয়ের চেষ্টা, যুবতীর মৃত্যুতে গ্রেফতার তিন

ইংরেজবাজারের সাট্টারির হরিয়িগড় গ্রামের বাসিন্দা চন্দ্রিমা কর্মসূত্রে ফুলবাড়িতে ভাড়া থাকতেন। কালিয়াচকের সুজাপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করতেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৮:৩০
মৃত ব্যাঙ্ককর্মী চন্দ্রিমা ঝা। নিজস্ব চিত্র

মৃত ব্যাঙ্ককর্মী চন্দ্রিমা ঝা। নিজস্ব চিত্র

ইংরেজবাজার: সহকর্মীর স্কুটারে বাড়ি ফিরছিলেন মহিলা ব্যাঙ্ককর্মী। অভিযোগ, জাতীয় সড়কে তিন জন চলন্ত স্কুটার থেকে ছিনতাইয়ের চেষ্টা করায় বাধা দিতে গিয়ে পড়ে মৃত্যু হয় চন্দ্রিমা ঝা-র (২৫)। জখম হন তাঁর সহকর্মীও। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের ইংরেজবাজারের মধুঘাটের সেই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনিবার তিন দুষ্কৃতীকে
ধরেছে পুলিশ।

ইংরেজবাজারের সাট্টারির হরিয়িগড় গ্রামের বাসিন্দা চন্দ্রিমা কর্মসূত্রে ফুলবাড়িতে ভাড়া থাকতেন। কালিয়াচকের সুজাপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করতেন। ঘটনায় জখম পুরাতন মালদহের সাহাপুরের ডিস্কো মোড়ের বাসিন্দা ঝুম্পা হালদারও একই ব্যাঙ্কে কর্মরত। তিনি মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

ঘটনায় কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা সাবির শেখ, হানিফ শেখ ও মোবারক শেখকে পুলিশ গ্রেফতার করেছে। এ দিন ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠায় মালদহ জেলা আদালত। জেলার পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, ‘‘অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে।
তদন্ত চলছে।’’

জানা গিয়েছে, ব্যাঙ্ক থেকে রোজ টোটোয় বাড়ি ফিরতেন চন্দ্রিমা। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ সহকর্মী ঝুম্পার স্কুটারে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। মধুঘাট সেতুর পরে অজ্ঞাতপরিচয় তিন যুবক স্কুটারে তাঁদের পিছু নেয় বলে অভিযোগ। অভিযোগ, ফাঁকা জায়গায় চন্দ্রিমার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই তিন জন। তা রুখতে গিয়ে চলন্ত স্কুটার থেকে চন্দ্রিমা পড়ে গাড়ির চাকায় পিষ্ট হন। জখম হন ঝুম্পা। স্থানীয়েরা এগিয়ে এলে অভিযুক্তেরা পালায়।

শুক্রবার পুলিশে অভিযোগ করেন চন্দ্রিমার বাবা দেবাংশু ঝা। তিনি বলেন, ‘‘একমাত্র মেয়েকে হারালাম। আর কাউকে যাতে মেয়ে হারাতে না হয়, চাই, অপরাধীদের কঠোর শাস্তি হোক।’’ ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি বলেন, ‘‘দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ তিন জনকে ধরেছে। অপরাধীরা যাতে দ্রুত শাস্তি পায়, সে জন্য পুলিশকে
বলা হয়েছে।’’

আরও পড়ুন