মালদহের ইংরেজবাজার পুরসভার বাজারের ছাদের একাংশ ভেঙে পড়ে। —নিজস্ব চিত্র।
ভেঙে পড়ল মালদহের ইংরেজবাজারের পুরসভার বাজারের ছাদ! সেই ছাদের চাঙড়ের আঘাতে আহত হন দু’জন। শনিবার সকালে মৃত্যু হল তাঁদের মধ্যে একজনের। তিনি ছিলেন ওই বাজারের নৈশপ্রহরী। আহত অপর জনের চিকিৎসা চলছে হাসপাতালে।
ইংরেজবাজার পুরসভার নেতাজি কমার্শিয়াল মার্কেট নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহলের অভিযোগ অনেক দিন ধরেই। অভিযোগ, বাজারের অবস্থা ভাল নয়। প্রয়োজন রয়েছে সংস্কারের। পুরসভা এবং প্রশাসনকে বার বার সংস্কারের কথা জানানো হয়েছে। কিন্তু কেউ গা করেনি। আর তার জেরেই এই দুর্ঘটনা।
জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে বৃষ্টি চলছে মালদহের বিভিন্ন জায়গায়। শনিবার সকালে ওই বাজারের ছাদের একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে চাপা পড়েন নৈশপ্রহরী মিন্টু সরকার এবং বাজারের সাফাইকর্মী দীপ সর্দার। কোনওক্রমে দু’জনকে উদ্ধার করা হয়। তবে বাঁচানো যায়নি মিন্টুকে।
ব্যবসায়ী এবং মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের অভিযোগ, ওই বাজারটি সংস্কার নিয়ে তারা বারবার আবেদন জানিয়েছিল। ২০১৮ সালে প্রশাসনের সঙ্গে বৈঠকে বাজার সংস্কারের কথা জানানো হয়েছিল। বলা হয়েছিল, বাজারের যা অবস্থা, তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি ইংরেজবাজার পুরসভাকেও বিষয়টি জানানো হয়। অভিযোগ, তার পরেও কেউ কোনও উচ্চবাচ্য করেনি।
শনিবারের দুর্ঘটনার দায় তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার দিকে ঠেলেছে বিজেপি। পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ির অভিযোগ, ‘‘মিটিংয়ে আমরা বারবার বলেছিলাম। কিন্তু মানুষের সুরক্ষার দিকে নজর নেই তৃণমূল পরিচালিত এই পুরসভার। তাদের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা।’’
খবর পেয়ে ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, এই বাজারটি বহু পুরনো। বিল্ডিংটি ভাঙার জন্য মহকুমাশাসক নোটিস জারি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।