—প্রতীকী চিত্র।
কোচবিহার ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে কোচবিহারের মাথাভাঙা ব্লকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজিত বর্মণ (৫১)। বাড়ি মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জ ২ পঞ্চায়েতের ভোগমারা নতুন বাজারে। শনিবার গভীর রাতে তাঁদের শোওয়ার ঘরে একটি চাউগুয়া গাছ ভেঙে পড়ে। পুলিশ রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে। অন্য দিকে, শিলিগুড়ি থেকে মিরিকে যাতায়াতের রাস্তার দুধিয়ায় হিউম পাইপের ভেঙে যাওয়া সেতু দ্রুত মেরামতের কাজ চলছে। রবিবার নতুন করে পাহাড়ে কোথাও ধস নামার খবর মেলেনি। আলিপুরদুয়ার ২ ব্লকের ভেলুরডাবরিতে বহু বাড়িতে জল ঢুকছে। রবিবার প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির কারণে কুলিক, মহানন্দা, টাঙন, নাগর, সুদানি, ডাহুক নদীতে জল বাড়লেও তা এখনও বিপদসীমার নীচে রয়েছে বলে সেচ দফতর জানিয়েছে।