ব্যারাকপুরের সভায় রাজনাথ সিংহ। ছবি: পিটিআই।
৫৫ বছর আগে কী হয়েছিল মনে আছে তো? ভোটপ্রচারে ব্যারাকপুরে এসে পাকিস্তানকে ১৯৭১ সালের যুদ্ধের কথা স্মরণ করালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। জবাব দিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের কলকাতায় হামলার হুমকির।
শনিবার পাকিস্তানের সিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ বলেছিলেন, ভারত যদি সাজানো হামলার নাটক করে, তবে পাকিস্তান যুদ্ধকে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাবে। অর্থাৎ, পাকিস্তানের নিশানা হবে কলকাতা। এই মন্তব্য ঘিরে বিস্তর আলোচনা শুরু হয়েছে। হুমকির জবাব কেন দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তা নিয়ে প্রশ্ন তুলছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। সোমবার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী গতকাল এসে কিছু বললেন না? কেন বলতে পারলেন না যে কঠোর পদক্ষেপ করা হবে? কেন চুপ? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? ওদের মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছেন? আমরা তদন্ত চাই।’’ একই সুর শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তাৎপর্যপূর্ণ ভাবে তার ২৪ ঘণ্টার মধ্যে মুখ খুললেন রাজনাথ।
পাকিস্তানের বিরুদ্ধে ভারত নতুন ধরনের পরিকল্পনা করছে বলে সম্প্রতি দাবি করেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী। অভিযোগ, ভারত ফের সাজানো হামলার ছক কষছে। তাতে ভারতীয়দের পাশাপাশি ভারতের জেলে বন্দি পাকিস্তানিদেরও ব্যবহার করা হতে পারে। তিনি বলেছিলেন, ‘‘ভারত একটা সাজানো অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে। তাতে সম্ভবত ওরা নিজেদের লোককেই ব্যবহার করবে। অথবা, ওদের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করা হবে। ওরা কিছু মৃতদেহ ছুড়ে দেবে এবং দাবি করবে তারা সন্ত্রাসবাদী যাদের জব্দ করা হয়েছে।’’ পাকিস্তানের সংবাদমাধ্যমে দাবি করা হয়, ভারতের এমন পরিকল্পনার কথা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে পাক সেনা। তাতে কাশ্মীরের বাসিন্দাদের ‘ব্যবহার’ করা হতে পারে। সেই সম্ভাবনার কথা উল্লেখ করেই আসিফ কলকাতায় হামলা চালানোর হুঁশিয়ারি দেন। এ বার তার জবাব দিলেন রাজনাথ।