Atin Ghosh

জোর করে সম্পত্তি দখলের অভিযোগ! বিধাননগর উত্তর থানায় তলব প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ এবং তাঁর কন্যাকে

৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অতীন এবং তাঁর কন্যার বিরুদ্ধে। এক হোটেলমালিকের অভিযোগ, জোর করে অল্প টাকা দিয়ে তাঁর সম্পত্তি কেড়ে নেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১২:৪১
অতীন ঘোষ।

অতীন ঘোষ। —ফাইল চিত্র।

জোর করে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে এ বার তাঁদের তলব করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহেই কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন এবং তাঁর কন্যাকে ডেকে পাঠানো হয়েছে।

Advertisement

৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অতীন এবং তাঁর কন্যার বিরুদ্ধে। এক হোটেলমালিকের অভিযোগ, জোর করে অল্প টাকা দিয়ে তাঁর সম্পত্তি কেড়ে নেওয়া হয়। ঘটনাটি প্রগতি ময়দান থানা এলাকার হলেও পরে অভিযোগ যায় বিধাননগর উত্তর থানায়। ওই থানার পুলিশই ঘটনার তদন্ত করছে।

যদিও বুধবার অতীন দাবি করেছেন যে, তিনি এখনও পর্যন্ত পুলিশের কোনও নোটিস পাননি। অভিযোগ প্রসঙ্গে অতীন বলেন, “যিনি অভিযোগ করেছেন, তাঁকে চিনি না। ওঁদের থেকে আমার মেয়ে একটি সম্পত্তি কিনেছিল। ৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ আমার নামে কোনও দুর্নীতির অভিযোগ করতে পারবে না। তবুও যদি পুলিশ আমাকে তদন্তের স্বার্থে ডাকে, তা হলে সব রকম ভাবে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত।” প্রিয়দর্শিনী বলেন, “পুরোপুরি মিথ্যা অভিযোগ। যিনি এই অভিযোগ করেছেন, তাঁরাই আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। যাবতীয় নথি আমাদের কাছে আছে।” এমন মিথ্যে অভিযোগ করার জন্য তাঁরা মানহানির মামলা দায়ের করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অতীন-কন্যা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল নেতা অতীন। এ বারও ওই কেন্দ্র থেকে ভোটে লড়েন তিনি। তবে হেরে যান বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারির কাছে।

Advertisement
আরও পড়ুন