Waterlogged Situation

তিন ব্লকে বহু রাস্তা বেহাল

আড়শা–পুরুলিয়া ভায়া বেলডি সড়কের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে ছোট-বড় গর্ত রয়েছে। বৃষ্টিতে সেই সব গর্ত জলে ভরে উঠেছে। ফলে পথ দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০০:৩১
রাস্তার জল বাড়ির দুয়ারে। জয়পুর বেলটাঁড় মোড়-মুকুন্দপুর রাস্তায়।

রাস্তার জল বাড়ির দুয়ারে। জয়পুর বেলটাঁড় মোড়-মুকুন্দপুর রাস্তায়। — নিজস্ব চিত্র।

বর্ষার শুরুতেই পুরুলিয়ার জয়পুর, আড়শা ও বলরামপুর ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা ফের সামনে এসেছে। রাস্তার বড় বড় গর্তে জল জমে যাওয়ায় নিত্যযাত্রী, পড়ুয়া, রোগী থেকে সবাই সমস্যায় পড়েছেন। কোথাও কোথাও পর্যটকদের যাতায়াতেও বিঘ্নও ঘটছে।

আড়শা–পুরুলিয়া ভায়া বেলডি সড়কের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে ছোট-বড় গর্ত রয়েছে। বৃষ্টিতে সেই সব গর্ত জলে ভরে উঠেছে। ফলে পথ দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। অথচ এই রাস্তা দিয়ে দৈনিক কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ওই ব্লকেরই জাড়ি মোড় থেকে দেউলঘাটা মন্দির পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তারও অধিকাংশ অংশ বেহাল। জাড়ি মোড়–পাহাড় জারাটাঁড় রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ। অযোধ্যা পাহাড়ে যাওয়ার অন্যতম সংযোগপথ হওয়ায় পর্যটকদেরও ভোগান্তি বাড়ছে।

জয়পুর ব্লকের বেলটাঁড় মোড় থেকে মুকুন্দপুর পর্যন্ত রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার জলে সেই গর্ত ভরে যাওয়ায় গাড়ি নিয়ে যাতায়াত করতে চালকেরা হিমশিম খাচ্ছেন। দুরমা গ্রামে যাওয়ার রাস্তাও দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে বলে অভিযোগ।

বলরামপুর ব্লকের বেরমা থেকে বরাবাজারের বেরাদা পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ। ঘাটবেড়া অঞ্চলের মাচাটাঁড় গ্রামে যাওয়ার রাস্তাও বেহাল। এতে স্থানীয় বাসিন্দারা সমস্যার মুখে পড়ছেন। বলরামপুর–বরাবাজার রাজ্য সড়ক সম্প্রসারণের পরেও উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় বাঘাঁটি এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তার জল বাড়িতে ঢুকছে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষার আগে রাস্তা মেরামত করা হলে সাধারণ মানুষকে এমন দুর্ভোগে পড়তে হত না। দ্রুত রাস্তা সংস্কার ও নিকাশি ব্যবস্থার উন্নতির দাবি তুলেছেন তাঁরা।

বলরামপুরের বিজেপি বিধায়ক জলধর মাহাতো ও জয়পুরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ মাহাতো আশ্বাস দিয়েছেন, ‘‘এলাকায় যে সব রাস্তা বেহাল অবস্থায় রয়েছে, তা দ্রুত মেরামত করার চেষ্টা চলছে।’’

আরও পড়ুন