শৌচালয়ের বেহাল দশা। ছবি: অমিতকুমার মাহাতো।
শৌচালয় থাকার পরেও রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বেহাল শৌচালয়টি অবিলম্বে সংস্কার করে চালু করার দাবি তুলেছেন বান্দোয়ানের বাসিন্দারা।
প্রায় বছর তিনেক আগে বান্দোয়ানের হাসপাতাল মোড়ে পঞ্চায়েত সমিতি থেকে সাধারণ মানুষজনের জন্য তৈরি করা হয়েছিল শৌচালয়। তবে বর্তমানে শৌচালয়ের ভিতরে জমে রয়েছে নোংরা জল। তা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।শৌচালয়ের বাইরেও জমে রয়েছে আবর্জনা। শৌচালয়ের চার পাশে ঝোপঝাড় তৈরি হয়েছে। কেউ কেউ বাধ্য হয়ে শৌচালয়ের বাইরেই প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। ফলে পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে।
নানা কাজে দৈনিক বান্দোয়ানে বাইরে থেকে কয়েক হাজার মানুষ আসেন।তাই ব্লক সদরে সাধারণের ব্যবহারের জন্য একটি মাত্র শৌচালয়ের এই অবস্থায় সবাই ভুগছেন। মহিলাদের সমস্যা আরও বেশি। দ্রুত শৌচালয়টি পরিষ্কার করে দ্রুত তা ব্যবহারের উপযোগী করে তোলার দাবি তুলেছেন সবাই।
শিরিষগোড়ার বাসিন্দা বিরসাবীর বাস্কে বলেন, ‘‘বান্দোয়ান বাজারে প্রায় দু’বছরের বেশি সময় ধরে শৌচালয় থাকার পরেও ব্যবহার করতে পারছেন না মানুষজন। প্রশাসনের চরম উদাসীনতার কারণেই শৌচালয়ের দশা আজ বেহাল। বাজারে আসা মানুষজন সমস্যায় পড়লেও কারও টনক নড়েনি।’’ পথচলতি মহিলা অমিতা কর্মকার বলেন, ‘‘এত বড় বাজারে মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা নেই। যেটি রয়েছে, তা ব্যবহারের অযোগ্য। শৌচালয়ের অভাবে বিশেষ করে মহিলাদের বেশি সমস্যা হচ্ছে।’’
বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো বলেন, ‘‘আবর্জনা পরিষ্কার করে দ্রুত শৌচালয়কে ব্যবহারের উপযোগী করা হবে।’’