Police Investigation

শ্যালিকার বিয়ের জন্য গচ্ছিত টাকা নিয়ে চম্পট জামাইবাবুর

ঘটনার সূত্রপাত প্রথম দফা নির্বাচনের দিন। স্ত্রীকে নিয়ে জামাই ভোটের এক দিন আগে শ্বশুরবাড়িতে আসেন। ভোটের দিন শ্বশুরবাড়ির সবাই ভোট দিতে গিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ২২:৩৯

—প্রতীকী চিত্র।

মেয়ের বিয়ের জন্য জমানো ছিল টাকা। সেই টাকা নিয়ে চম্পট দিলেন বাড়ির জামাই। এমনটাই অভিযোগ। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে মেয়ের পরিবার। পুরুলিয়া জলার আদ্রা থানা এলাকার ঘটনা। এমনকি, অভিযুক্তের স্ত্রীও স্বামীর নামে শারীরিক ও মানসিক নির্যাতনের মামলা করেন।

Advertisement

ঘটনার সূত্রপাত প্রথম দফা নির্বাচনের দিন। স্ত্রীকে নিয়ে জামাই ভোটের এক দিন আগে শ্বশুরবাড়িতে আসেন। ভোটের দিন শ্বশুরবাড়ির সবাই ভোট দিতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগে চার লক্ষ আশি হাজার টাকা নিয়ে চম্পট দেন জামাই বিশ্বনাথ বাউড়ি।

ওই টাকা বাড়ির আর এক মেয়ের বিয়ের জন্য জমানো ছিল। জামাইবাবুকে প্রথমে সন্দেহ না-হলেও পরে তাঁর যথেচ্ছ টাকা ওড়ানো ও স্কুটার কেনা দেখে সন্দেহ হয় শ্যালিকার (যাঁর বিয়ে হবে)। দাবি, একের পরে এক প্রশ্ন করা হতেই ছেলেকে নিয়ে জামাই শ্বশুরবাড়ি থেকে চলে যান। আরও দাবি, জামাইবাবু যে বিছানায় ঘুমোতেন তার তলা থেকে পাওয়া গিয়েছে ১৬ হাজার টাকা। শ্যালিকার অভিযোগ, জামাইবাবু হুমকিও দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্বামী বিশ্বনাথের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রীও। অভিযোগ, বিয়ের পাঁচ বছর পর থেকেই তাঁর উপরে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন স্বামী। অভিযোগপত্রে আরও লেখা, স্ত্রীয়ের বাবার বাড়ি থেকে টাকা চুরি করেছেন স্বামীই। সেই বিষয়ে থানায় বাবার বাড়ির তরফে থানায় অভিযোগ জানানো হলে স্বামী তাঁকে আরও বেশি শারীরিক ও মানসিক নির্যাতন করার পাশাপাশি খুন করার হুমকি দিচ্ছেন। ভয়ে তিনি বাবার বাড়িতেই আছেন।

Advertisement
আরও পড়ুন