(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।
ধর্মতলায় তৃণমূলের ধর্না মঞ্চের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্থায়ী আস্থানায় হয় রুদ্ধদ্বার বৈঠক। যে বৈঠকে ছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা এবং তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যা ৮টার কিছুটা আগে থেকে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। চলে রাত ৯টার কিছুটা পর পর্যন্ত। সূত্রের খবর, মমতা এবং অভিষেকের যখন বৈঠক চলছে, তখন বাইরে বেশ কয়েক জন মন্ত্রী উপস্থিত ছিলেন। তাঁদের অনেকেই ভেবেছিলেন বৈঠক খুব বেশি ক্ষণ চলবে না। ফলে বেশ কয়েক জন মন্ত্রী ধর্নাস্থল ছেড়ে চলে যান।
মমতার ধর্নার চতূর্থ দিনে অভিষেকের সঙ্গে এ হেন রুদ্ধদ্বার বৈঠক তৃণমূলের মধ্যে জল্পনা তৈরি করেছে। উত্তর কলকাতার এক তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ বৃত্তে বলেন, “আজকে ধর্নাস্থল ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে আসাটা উচিত হয়নি। এ রকমটা হবে ভাবতেই পারিনি।”
মমতা এবং অভিষেকের মধ্যে কী আলোচনা হয়েছে, তা তৃণমূলের প্রায় কেউই জানেন না। তবে ভোটের আগে এই ধরনের বৈঠক যে গুরুত্বপূর্ণ তা তাঁরা বিলক্ষণ জানেন। তৃণমূলের একাংশের বক্তব্য, বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে এখনও সর্বোচ্চ স্তরে ‘মতানৈক্য’ রয়েছে (নির্দিষ্ট কতগুলি জেলা, সুনির্দিষ্ট কতগুলি আসন নিয়ে)। সেই সংক্রান্ত বিষয় নিয়ে মমতা এবং অভিষেকের বৈঠক হয়ে থাকতে পারে। আবার অন্য অংশের বক্তব্য, ধর্না কত দিন চলবে, এসআইআর নিয়ে আন্দোলনের রূপরেখা কী হবে, তা নিয়েও দু’জনের কথা হয়ে থাকতে পারে।
তৃণমূলের সর্বোচ্চ স্তরে ভাবনা এখন দু’টি বিষয় নিয়ে। এক, ভোট সময়েই হতে পারে। দুই, ভোট পিছিয়ে যেতে পারে। তৃণমূলের এক মন্ত্রীর কথায়, “এই বিষয় নিয়েও মমতা এবং অভিষেকের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে।” আবার অনেকের বক্তব্য মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে ‘লাইন’ কী হবে, তা নিয়েও কথা হয়ে থাকতে পারে দু’জনের।
গত শুক্রবার ধর্মতলায় ধর্না শুরু করেছেন মমতা। প্রথম দিন বিকেলে এসে রাত পর্যন্ত ধর্না মঞ্চে ছিলেন অভিষেক। সে দিন ঘণ্টাখানেক বক্তৃতাও করেছিলেন। তবে, শনি এবং রবিবার ধর্মতলায় তৃণমূলের ধর্নাতলায় অভিষেক যাননি। সোমবার সন্ধ্যায় ফের তিনি যান ধর্নামঞ্চে। বক্তৃতাও করেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে অনুরোধ জানান, শরীরের দিকে খেয়াল রেখে এ বার তিনি যেন ধর্না তুলে নেন। যদিও আনুষ্ঠানিক ভাবে মমতা জানিয়েছেন, মঙ্গলবারও ধর্না চলবে।
তবে, মমতার ধর্নার চতূর্থ দিনে তাঁর এবং অভিষেকের রুদ্ধদ্বার বৈঠকই আপাতত তৃণমূলের সর্বোচ্চ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।