West Bengal Election 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরছে গরম! স্বস্তির কালবৈশাখী পাঁচ জেলায়, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১০:২৬
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। — ফাইল চিত্র।

বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি চললেও মঙ্গলবার থেকেই গরম বাড়বে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। বাকি জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের আট জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

Advertisement
আরও পড়ুন