News Of The Day

ভোট পরবর্তী পরিস্থিতি, স্ট্রংরুম বিতর্ক। আইপিএলে দিল্লির মুখোমুখি রাজস্থান। ঝড়বৃষ্টির পূর্বাভাস। আর কী কী নজরে

ভোটপর্ব মিটতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে, বৈভব সূর্যবংশীর দলের সামনে দিল্লি ক্যাপিটালস, দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, আমেরিকা এবং ইরানের মধ্যে টানাপোড়েন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ভোটগ্রহণ পর্ব মিটে গিয়েছে। পশ্চিমবঙ্গবাসীর রায় এখন যন্ত্রবন্দি। আগামী ৪ মে ভোটগণনা। ইভিএম এখন স্ট্রংরুমে বন্দি। পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে ভোটপর্ব মিটতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। কোথাও অভিযোগের তির তৃণমূলের দিকে। কোথাও আবার অভিযুক্ত বিজেপি। আজ ভোট পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে। অন্য দিকে, বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে স্ট্রংরুম বিতর্ক। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলেছে তৃণমূল। দলের দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেন। আজ এই বিতর্কে নজর থাকবে।

আইপিএলে আজ শীর্ষে চলে যেতে পারে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর দলের সামনে দিল্লি ক্যাপিটালস। এটি দশম ম্যাচ রাজস্থানের। জিতলে ১৪ পয়েন্ট হবে তাদের। গত ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রাজস্থান। সেটিই পঞ্জাবের প্রথম হার। অন্য দিকে, দিল্লি পর পর তিনটি ম্যাচে হেরে সপ্তম স্থানে নেমে গিয়েছে। প্রথম দু’টি ম্যাচ জেতার পর অক্ষর পটেলের দিল্লি পরের ছ’টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি ম্যাচ। আজ কী হবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আগামী ৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ৭ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ৪ মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

হরমুজ় প্রণালী ঘিরে আমেরিকা এবং ইরানের মধ্যে টানাপোড়েন এখনও অব্যাহত। সংঘর্ষবিরতি চলছে, একইসঙ্গে চলছে উত্তেজনাও। ইরান যুদ্ধ নিয়ে আইনি চাপের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ‘ওয়ার পাওয়ার্স রেজোলিউশন’ বা ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’ অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি একবারে ৬০ দিনের বেশি সময়ের জন্য বাইরে কোথাও মার্কিন বাহিনী মোতায়েন করতে পারেন না। সেই সময়সীমা ফুরোচ্ছে ১ মে। এ অবস্থায় নতুন করে সংঘর্ষের বদলে কূটনৈতিক ভাবে ইরানকে চাপে রাখাই ট্রাম্পের জন্য সুবিধাজনক বলে মনে করছেন অনেকে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

Advertisement
আরও পড়ুন