গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসআইআর-বিরোধী কর্মসূচি হবে। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পরেই নিজের কর্মসূচি করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মমতা। তাই আজ জাতীয় রাজনীতির কারবারিদের নজর থাকবে তাঁর দিকেই। যদিও, কী ভাবে তাঁর এই প্রতিবাদ কর্মসূচি হবে তা খোলসা করেননি মমতা। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের দিকে নজর রয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের । মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূল সাংসদেরাও।
আজ সংসদের অধিবেশনের দিকে নজর থাকবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মন্তব্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বয়কট করে বেরিয়ে আসা ও তার আগে বঙ্গভবনে দিল্লি পুলিশের আনাগোনা নিয়ে সরগরম রাজধানী। এই বিষয়ে মঙ্গলবার সংসদে বিক্ষোভ দেখাতে পারেন তৃণমূল সাংসদেরা। অন্য দিকে, প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত বইয়ের একাংশ পাঠ করতে যাওয়ায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বাধা দেওয়া নিয়ে সংসদে সুর চড়াতে পারে কংগ্রেস।
আর্থিক পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। গত শুনানিতে এই মামলায় হলফনামা জমা দিতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। আজ আবার এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে কী হয় সে দিকে নজর থাকবে।
রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে ইউপিএসসি-কে নির্দেশ দিয়েছিল ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা করেছে ইউপিএসসি। আজ সেখানে ওই মামলার শুনানি রয়েছে। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।
আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তিকালীন বাজেট অধিবেশন। যদিও প্রথম দিন শোকপ্রস্তাবের পরেই শেষ হয়ে যাবে অধিবেশনের কার্যক্রম। বুধবার শবে বরাত উপলক্ষে অধিবেশন বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তিকালীন বাজেট পেশ হবে।
বাংলাদেশের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন নাটক পাকিস্তানকে নিয়ে। বাংলাদেশের মতো গোটা বিশ্বকাপে খেলবে না বলেনি পাকিস্তান। কিন্তু তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এরপর কী করবে আইসিসি? আজ বৈঠকে বসতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। থাকছে এই বিতর্ক এবং নাটকের সব খবর।
সোমবার কলকাতার তাপমাত্রা সামান্য কমে। পারদ ছিল স্বাভাবিকের নীচেই। তবে নতুন করে কনকনে ঠান্ডার আর কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
আজ মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা রয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের জন্য শুধু প্রশ্নপত্র পড়ার সময় হিসাবে বরাদ্দ থাকবে। পর্ষদের সূচি অনুযায়ী, এর পর ৬ ফেব্রুয়ারি ইতিহাস, ৭ ফেব্রুয়ারি ভূগোল, ৯ ফেব্রুয়ারি অঙ্ক, ১০ ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান এবং ১১ ফেব্রুয়ারি জীববিজ্ঞান পরীক্ষা হবে। শেষ দিন, ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে হবে। সঙ্গে রাখতে হবে অরিজিনাল অ্যাডমিট কার্ড, স্কুল আইডি কার্ড এবং অনুমোদিত লেখার সামগ্রী। পরীক্ষাকেন্দ্রে কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে।
ছোটদের বিশ্বকাপ ক্রিকেটে আজ প্রথম সেমিফাইনাল। মুখোমুখি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত ছাড়া এই দু’দলই শুধু এখনও পর্যন্ত অপরাজিত। কারা ফাইনালে উঠবে? খেলা শুরু দুপুর ১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
মেয়েদের আইপিএলে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে গুজরাত জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। জেমাইমা রদ্রিগেজ়ের দিল্লি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে। শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে তারা। গুজরাতও শেষ তিনটি ম্যাচ জিতে এলিমিনেটরে খেলার সুযোগ পেয়েছে। আজ যারা জিতবে, ফাইনালে তাদের খেলতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।