News Of The Day

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতি কেমন। জয় কামদারের আদালতে হাজিরা। আইপিএল। ইস্টবেঙ্গলের খেলা। আর কী কী

দ্বিতীয় দফায় মোট সাত জেলায় ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। নিরাপত্তা আঁটোসাঁটো করা থেকে শুরু করে বুথে বুথে নজরদারি বৃদ্ধি করতে বদ্ধপরিকর কমিশন। আজ কমিশনের ভূমিকা কী হবে, ভোটারদের উদ্দেশে কোনও বার্তা দেয় কি না, সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পশ্চিমবঙ্গে। এই দফায় মোট সাত জেলায় ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই ভোটগ্রহণ পর্বে অশান্তি এড়াতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। এলাকায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সচেতন পুলিশও। নিরাপত্তা আঁটোসাঁটো করা থেকে শুরু করে বুথে বুথে নজরদারি বৃদ্ধি করতে বদ্ধপরিকর কমিশন। কোথাও কোনও খামতি রাখতে চায় না তারা। আজ কমিশনের ভূমিকা কী হবে, ভোটারদের উদ্দেশে কোনও বার্তা দেয় কি না, সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

অভিযুক্ত সোনা পাপ্পু এখনও অধরা। তবে তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইডি। ইডি জানিয়েছে, সোনা পাপ্পুর সঙ্গে জয়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে। দু’জনের মধ্যে মোটা টাকার লেনদেনও হয়েছিল। তিনি বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন, যার মেয়াদ শেষ হচ্ছে আজ। মঙ্গলবার ফের তাঁকে আদালতে পেশ করবে ইডি।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি আপাতত টানা চলবে।

আইপিএলে আজ আবার নামছে পঞ্জাব কিংস। অর্ধেক প্রতিযোগিতা শেষ। কিন্তু শ্রেয়স আয়ারের দলকে এখনও কেউ হারাতে পারেনি। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২৬৫ রান তাড়া করেও জিতেছেন শ্রেয়সেরা। এ বার পঞ্জাবের সামনে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর ঝড় কি এই ম্যাচেও দেখা যাবে? তার ব্যাটিংয়ের সামনে কি হার মানতে হবে পঞ্জাবকে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইএসএলে আজ ইস্টবেঙ্গলের খেলা। অস্কার ব্রুজোর দলের বিপক্ষে ওড়িশা। এটি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হলেও খেলতে হবে গোয়ায়। কারণ, ভোটের জন্য আপাতত যুবভারতীতে কোনও খেলা নেই। আট ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৫। আজ জিতলে লাল-হলুদ ষষ্ঠ স্থান থেকে চতুর্থ স্থানে চলে আসবে। ওড়িশা আটটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। চারটি ম্যাচ তারা হেরে গিয়েছে। আজ খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

Advertisement
আরও পড়ুন