BJP Govt in WB

অনুমোদনহীন সব টোল গেট বন্ধ করতে হবে, আর টাকা তোলা যাবে না সেখানে! নির্দেশিকা জারি করল শুভেন্দুর সরকার

প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজ নিজ জেলায় এই ধরনের অনুমোদনহীন টোল গেট চিহ্নিত করে তা বন্ধ করে দেন। একই সঙ্গে এগুলি যাতে যথাযথ অনুমোদন ছাড়া নতুন করে চালু না-হয়, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৩:৪৮
অনুমোদনহীন সব টোল গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।

অনুমোদনহীন সব টোল গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। —ফাইল চিত্র।

রাজ্যে বিনা অনুমোদনে চলা সমস্ত টোল গেট অবিলম্বে বন্ধ করতে হবে। অনুমোদনহীন ওই টোল গেটগুলিতে আর টাকা তোলা যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। প্রত্যেক জেলাশাসককে সেই মতো পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালের দফতর মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের সর্বত্র যে টোল গেট, ড্রপ গেট, ব্যারিকেড এবং টাকা তোলার পয়েন্টগুলি বিনা অনুমোদনে চলে আসছে, সেগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে। প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজ নিজ জেলায় এই ধরনের অনুমোদনহীন টোল গেট চিহ্নিত করে তা দ্রুত বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করেন। একই সঙ্গে এগুলি যাতে যথাযথ অনুমোদন ছাড়া নতুন করে চালু না-হয়, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে। মঙ্গলবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

মুখ্যসচিব মনোজকুমার ওই নির্দেশিকায় আরও লিখেছেন, এই ধরনের অনুমোদনহীন টোল গেট থেকে আর কোনও টাকা তোলা যাবে না। কোথায় কোথায় অনুমোদিত টোল গেট রয়েছে, তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। সেই টোল গেটগুলি থেকে টাকা কোন কর্তৃপক্ষের কাছে যায়, তা-ও উল্লেখ করতে বলা হয়েছে তালিকায়। আগামী শুক্রবার দুপুর ১২টার মধ্যে অনুমোদিত টোল গেটগুলির তালিকাও জমা দিতে বলা হয়েছে।

গত শনিবার রাজ্যে গঠিত হয়েছে নতুন সরকার। তার পরে গত সোমবার নতুন সরকারের প্রথম কর্মদিবসেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নবান্নে ওই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তাঁর মন্ত্রিসভা চলবে সুশাসন এবং সুরক্ষার পথে। একই সঙ্গে বিজেপিশাসিত রাজ্যগুলিতে ‘ডবল ইঞ্জিন সরকার’ যে পথে এগোচ্ছে, পশ্চিমবাংলাতেও সেই পথেই এগোবে বলে জানান তিনি। এর পরে মঙ্গলবারই মুখ্যসচিবের দফতর থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়, অনুমোদনহীন সকল টোল গেট অবিলম্বে বন্ধ করে দিতে হবে।

Advertisement
আরও পড়ুন