বিএনপির সদস্য, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার পক্ষে জোরালো সওয়াল করলেন বিএনপির সদস্য, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। নাম না-করে মৌলবাদীদের ‘ধর্মব্যবসায়ী’ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর বক্তব্য, ধর্মমত নির্বিশেষেবাংলাদেশ সকলের।
বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রাম মন্দির ও কালী মন্দিরের সামনে বিশাল মূর্তি নির্মাণ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সীমান্তবর্তী রংপুর বিভাগে এমন নির্মাণ বন্ধ করতে জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে সরকারের হস্তক্ষেপের দাবিও উঠেছে। সম্প্রতি সংসদে বাজেট আলোচনায় বিষয়টি তোলেন ফজলুর। তিনি বলেন, ‘‘রামমন্দির চাই না, হিন্দুরা দেশ ছেড়ে চলে যাও বলে মিছিল করা হচ্ছে। এদের পোশাক দেখলেই বুঝি এরা কারা। এরা পৃথিবীর কোনও সভ্যতা, সংস্কৃতির কথাই শুনতে চায় না। এরা ধর্ম নিয়ে শুধু ব্যবসা করতে চায়, এরা হলধর্ম ব্যবসায়ী।’’
এখানেই থেমে থাকেননি এই মুক্তিযোদ্ধা। বলেছেন, ‘‘১০০ কেন ৩০০ ফুট মূর্তি বানাক, তাতে আমার কী। আমি প্রয়োজনে ২৫ তলা মসজিদ করব। অসুবিধার কী আছে? ওরা মন্দিরে পূজা করবে, আমি মসজিদে নমাজ পড়ব। আমরা কি একসঙ্গে থাকব না!’’ ফজলুরের সঙ্গে যোগাযোগ করা হলে আনন্দবাজার পত্রিকাকে তিনি জানান, তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল, দায়বদ্ধতা ক্রমশ বাড়ছে। এটাই ইতিবাচক। তাঁর কথায়, ‘‘দেশে ঝড়ের বেগে মৌলবাদীরা বাড়ছিল। সেই গতি রুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে বহন করে। তরুণ প্রজন্ম সেই পথকে বেছে নিচ্ছে।’’