Oil Price

ইরান হরমুজ় প্রণালী খুলে দেওয়ার পরেই এক ধাক্কায় দাম কমল অপরিশোধিত তেলের! এক ব্যারেলের দাম এখন কত

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স অ্যাকাউন্টে জানান, লেবাননে আর যে ক’দিন যুদ্ধবিরতি চলবে, সেই দিনগুলিতে হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে সব জাহাজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০১:১২

— প্রতীকী চিত্র।

ইরান হরমুজ় প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করতেই কমল অপরিশোধিত তেলের দাম। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ১১ শতাংশ। শুক্রবার ভারতে যখন রাত প্রায় ১০টা, তখন এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম হয়েছে ৮৮.৯৭ মার্কিন ডলার (ব্রেন্টের মানদণ্ডে)। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০০০ টাকা।

Advertisement

ইরানের যুদ্ধপরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম বিশ্বের বাজার ক্রমেই বেড়েছে। ১০ মার্চ থেকে ধাক্কা খেয়েছে অপরিশোধিত তেলের ব্যবসা। ৮ এপ্রিল থেকে তা আরও মন্দার মুখ দেখেছে। শুক্রবার ইরানের ঘোষণার পরেই এক ধাক্কায় অনেকটাই কমেছে তেলের দাম।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স অ্যাকাউন্টে জানান, লেবাননে আর যে ক’দিন যুদ্ধবিরতি চলবে, সেই দিনগুলিতে হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে সব জাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরান এবং ইজ়রায়েলের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করেন। তার পরেই শুক্রবার ইরান বাণিজ্যিক জাহাজের হরমুজ় পারাপার করা নিয়ে সিদ্ধান্তের কথা জানাল। ট্রাম্পও ইতিমধ্যে হরমুজ় ‘পুরোপুরি খুলে যাওয়া’ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তিনি ধন্যবাদও জানিয়েছেন ইরানকে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সময় থেকে এই হরমুজ় অবরুদ্ধ থাকায় পশ্চিম এশিয়া থেকে জ্বালানি নিয়ে বিভিন্ন দেশে জাহাজ চলাচল বাধাপ্রাপ্ত হয়েছিল। এলপিজি, অপরিশোধিত তেল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশে। ইরানের এই ঘোষণার পরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে অনেকটাই। স্বস্তি ফিরেছে বহু দেশে।

Advertisement
আরও পড়ুন