আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
আমেরিকা-ইরান চুক্তি স্বাক্ষর করতে পাকিস্তানে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, বোঝাপড়ার বেশির ভাগ ক্ষেত্রেই সহমত হয়েছে আমেরিকা এবং ইরান। এ অবস্থায় যুদ্ধে ইতি টানার জন্য শীঘ্রই চুক্তি চূড়ান্ত হয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি। ট্রাম্প জানান, এমনটা হলে তিনি নিজে ইসলামাবাদে যেতে পারেন তা স্বাক্ষর করার জন্য।
বৃহস্পতিবার নেভাডা এবং অ্যারিজ়োনা সফরে রওনা দিয়েছেন ট্রাম্প। ওই সফরের আগে হোয়াইট হাউসের সাউথ লন দিয়ে ‘মেরিন ওয়ান’ (মার্কিন প্রেসিডেন্টের হেলিকপ্টার)-এর দিকে যেতে যেতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, “যদি ইসলামাবাদে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়, তবে আমিও সেখানে যেতে পারি। ওরা চাইছে আমি যাই।” ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা প্রসঙ্গে বেশ ইতিবাচক তিনি। তাঁর আশা, শীঘ্রই পশ্চিম এশিয়ার অস্থিরতা কেটে যাবে। আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে দু’সপ্তাহের সংঘর্ষবিরতি চলছে। আগামী সপ্তাহেই সেই যুদ্ধবিরতির মেয়াদ ফুরোচ্ছে। সে কথা স্মরণ করিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি চাইলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি করতে পারেন। তবে তেমনটা করার আর প্রয়োজন পড়বে না বলেই মনে করছেন তিনি।
প্রায় দেড় মাস ধরে চলছে আমেরিকা এবং ইরানের উত্তেজনা। আপাতত সংঘর্ষবিরতি হলেও অস্থিরতা কাটেনি। এ অবস্থায় দু’দেশের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। গত সপ্তাহে পাকিস্তানই দু’দেশের মধ্যে মুখোমুখি বৈঠকের আয়োজন করেছিল। ইসলামাবাদের এক অভিজাত হোটেলে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ওই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। শীঘ্রই ফের এক দফা বৈঠক হতে পারে আমেরিকা এবং ইরানের। সেই বৈঠকও ইসলামাবাদেই হওয়ার সম্ভাবনা প্রবল। হোয়াইট হাউস জানিয়েছে, শীঘ্রই মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদ যাবে। এ বারের প্রতিনিধিদলে কারা থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের দাবি, এ বারের বৈঠকেও থাকবেন ভান্স। এ বার ট্রাম্প জানালেন, সমঝোতা চূড়ান্ত হয়ে গেলে চুক্তিতে স্বাক্ষর করার জন্য তিনিও যেতে পারেন পাকিস্তানে।