Indian Origin Businessman Arrested in US

৯৫৪ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণায় আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত! হোটেল, রেস্তরাঁতেও জুলুমবাজির অভিযোগ

পুলিশ সূত্রে খবর, ক্যালিফোর্নিয়ার করোনা ডেল মার-এ থাকতেন মাখিজানি। মার্কিন রাজস্ব দফতরের তরফে দাবি করা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে তিনি এই প্রতারণা করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:৫০
প্রতারণার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত। ছবি: সংগৃহীত।

প্রতারণার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত। ছবি: সংগৃহীত।

আমেরিকায় ব্যাঙ্ক প্রতারণা অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মহেন্দ্র মাখিজানি। বুধবার তাঁকে নিউপোর্ট বিচের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মাখিজানির বিরুদ্ধে ৯৫৪ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ উঠেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ক্যালিফোর্নিয়ার করোনা ডেল মার-এ থাকতেন মাখিজানি। মার্কিন রাজস্ব দফতরের তরফে দাবি করা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে তিনি এই প্রতারণা করেছেন। শুধু তা-ই নয়, ব্যাঙ্কের কর্মীদের জন্য মাদক এবং যৌন পার্টির আয়োজন করতেন বলে অভিযোগ। তাঁদের সেই জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করতেন বলেও অভিযোগ।

তদন্তকারী সূত্রে খবর, মাখিজানি তাঁর সংস্থার কর্মীদেরও প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন। এমনকি বিভিন্ন হোটেল, রেস্তরাঁয় গিয়ে জুলুমবাজি করতেন বলেও অভিযোগ। মাখিজানির বিরুদ্ধে প্রতারণা এবং ফৌজদারির মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দোষী সাব্যস্ত হলে তাঁর ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। পুলিশ আরও জানিয়েছে, বেশ কিছু সম্পত্তিও জোর করে হাতানোর অভিযোগ রয়েছে মাখিজানির বিরুদ্ধে।

তদন্তকারী সূত্রের খবর, ভুয়ো সংস্থার মাধ্যমে মাখিজানি টাকা পাচার করতেন বলে অভিযোগ। ব্যাঙ্ক ছাড়া আর কোথায় প্রতারণার জাল বিছিয়েছিলেন মাখিজানি, তার হদিস পেতে চাইছেন তদন্তকারীরা। মাখিজানির বিরুদ্ধে হুমকি দেওয়া, জুলুমবাজি করা এবং প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের উপর প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে।

Advertisement
আরও পড়ুন