US Iran Tensions

‘বন্ধু’ ভারতের জন্য খোলা আছে হরমুজ়! বাধা নেই পাকিস্তানেরও, পাঁচ ‘মিত্র রাষ্ট্রের’ নাম প্রকাশ্যে আনল ইরান, তালিকায় কে কে?

ইরানের সঙ্গে শত্রুতা নেই, এমন দেশের জাহাজগুলিকে হরমুজ় প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দিতে রাজি তেহরান। তবে কোন কোন দেশ সেই তালিকায় রয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট ছিল না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১০:২০
হরমুজ় প্রণালীতে জাহাজ।

হরমুজ় প্রণালীতে জাহাজ। —ফাইল চিত্র।

বন্ধু দেশগুলির জন্য হরমুজ় প্রণালী খোলা রেখেছে ইরান। এবং সেই বন্ধু দেশের তালিকায় রয়েছে ভারত। আছে পাকিস্তানও। বুধবার বেশি রাতের দিকে এক বিবৃতি তা স্পষ্ট করে দিল ইরান। ভারত, পাকিস্তান-সহ মোট পাঁচটি বন্ধুরাষ্ট্রের নামও প্রকাশ্যে এনেছে তেহরান।

Advertisement

ইরান আগেই বলেছিল, তাদের সঙ্গে শত্রুতা নেই, এমন দেশের জাহাজগুলিকে হরমুজ় প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দিতে রাজি তেহরান। তবে কোন কোন দেশ সেই তালিকায় রয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট ছিল না। বুধবার দুপুরেই খবর ছড়ায়, পাকিস্তানমুখী একটি জাহাজ হরমুজ় পার হওয়ার সময়ে বাধার মুখে পড়েছে। ঘটনাচক্রে, আমেরিকা এবং ইরানের সংঘর্ষ থামানোর জন্য বর্তমানে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এ অবস্থায় বুধবার বেশি রাতের দিকে ইরান জানিয়ে দিল, তাঁদের ঘোষিত পাঁচ বন্ধুরাষ্ট্রের নাম।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বন্ধুদেশগুলিকে হরমুজ় প্রণালী ব্যবহার করার অনুমতি দিচ্ছে তেহরান। এই তালিকায় রয়েছে চিন, রাশিয়া, ভারত, ইরাক এবং পাকিস্তান। আরাঘচির ওই বার্তা সমাজমাধ্যমে পোস্ট করেছে মুম্বইয়ে ইরানের উপদূতাবাস। ইরানের সরকারি টেলিভিশনে আরাঘচির এক সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, “হরমুজ় প্রণালী একেবারে বন্ধ নেই। ইরানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, এমন বেশ কিছু দেশের জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।”

সংবাদসংস্থা রয়টার্স অনুযায়ী আরাঘচি বলেন, “নিরাপদে জাহাজ চলাচলের জন্য বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে কয়েকটি দেশকে আমরা বন্ধু বলে মনে করি। সে ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী সেই জাহাজগুলিকে নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা খবরে দেখেছেন— চিন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারত। কয়েক দিন আগে দু’টি জাহাজ এই পথ দিয়ে গিয়েছে। আরও কিছু যাবে বলে আমি মনে করি, সম্ভবত বাংলাদেশেরও।”

দু’দিন আগেই রাষ্ট্রপুঞ্জে ইরান জানিয়েছিল, আমেরিকা এবং ইজ়রায়েল বাদে বাকি দেশগুলির জাহাজকে যাতায়াতের ‘ছাড়পত্র’ দিলেও কিছু পূর্বশর্ত ঘোষণা করেছে ইরান। রাষ্ট্রপুঞ্জকে তারা জানিয়েছে, যে সব জাহাজকে ইরান নিজের শত্রু বলে মনে করবে না, তারাই হরমুজ় দিয়ে যাতায়াত করতে পারবে। তবে এ ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আগাম সমন্বয় রেখেই চলাচল করতে হবে। একইসঙ্গে এ-ও বলা হয়েছে, ওই জাহাজগুলি যেন ইরানের বিরুদ্ধে আক্রমণে জড়িত না থাকে, বা মদত না দেয়। ওই অঞ্চলে ইরানের ঘোষিত নিরাপত্তা এবং সুরক্ষাবিধিও সম্পূর্ণ ভাবে মেনে চলতে হবে ওই জাহাজগুলিকে।

Advertisement
আরও পড়ুন