US-Iran Conflict

সমৃদ্ধ ইউরেনিয়াম কখনওই আমেরিকার হাতে তুলে দেওয়া হবে না! ট্রাম্পের দাবি উড়িয়ে আবার স্পষ্ট করল ইরান

ইরানের উপ বিদেশমন্ত্রী সঈদ খাতিবজ়াদেহ বলেন, ‘‘আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনায় বসার ব্যাপারে এখনও প্রস্তুত নয় ইরান।’’ তিনি মনে করেন, আমেরিকা বা ট্রাম্প পর পর যে দাবি করে চলেছেন, তা মেনে নেওয়া সম্ভব নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৭:৫১
Iran says it would not hand over enriched uranium to US

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং মোজতবা খামেনেই (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকা চরমপন্থী মনোভাবই বজায় রেখেছে। ফলে তাদের সঙ্গে কোনও আলোচনাই সম্ভব নয়। এমনই দাবি করলেন ইরানের উপবিদেশমন্ত্রী সঈদ খাতিবজ়াদেহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে তিনি এ-ও স্পষ্ট করেন, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।

Advertisement

সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস-এর সঙ্গে কথা বলার সময় খাতিবজ়াদেহ বলেন, ‘‘আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনায় বসার ব্যাপারে এখনও প্রস্তুত নয় ইরান।’’ কেন তিনি এই দাবি করছেন, তার সপক্ষে যুক্তি দিতে গিয়ে তুলে ধরেছেন আমেরিকার ‘মানসিকতা’-কে। তিনি মনে করেন, আমেরিকা বা ট্রাম্প পর পর যে দাবি করে চলেছেন, তা মেনে নেওয়া সম্ভব নয়। আরও স্পষ্ট করে দেন, আমেরিকার দাবি বা শর্ত কোনও অবস্থাতেই মেনে নেওয়া সম্ভব নয়।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, ‘‘ওরা আমাদের কাছে ‘পারমাণবিক ধুলো’ (উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম বোঝাতে এই শব্দবন্ধটিই ব্যবহার করেন ট্রাম্প) ফেরত দিতে রাজি হয়েছে।” সত্যিই কি ইরান এমন কোনও শর্তে রাজি হয়েছে? ট্রাম্পের দাবির পর সেই প্রশ্নই উঠছিল। তবে ইরানের বিভিন্ন সরকারি সূত্র ট্রাম্পের দাবি প্রথম থেকেই নস্যাৎ করে দিয়েছে। তাদের দাবি, ইউরেনিয়াম হস্তান্তর করার বিষয় নিয়ে আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি।

পারমাণবিক কর্মকাণ্ডের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হল ইউরেনিয়াম। পারমাণবিক বিদ্যুৎ থেকে শুরু করে পারমাণবিক বোমা তৈরি সব ক্ষেত্রেই প্রয়োজন সমৃদ্ধ ইউরেনিয়াম। আমেরিকা চায়, ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করে তাদের সঙ্গে চুক্তি করুক। তবে ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই নিজেদের পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু ট্রাম্পের সন্দেহ, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। দাবি, পাল্টা দাবি অব্যাহত।

Advertisement
আরও পড়ুন