Iran-US Conflict

‘ভুল করে নয়, পরিকল্পনা করেই হামলা’! স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আমেরিকা-ইজ়রায়েলের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে সরব ইরান

শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে দক্ষিণ ইরানের মিনাব শহরের স্কুলে হামলার প্রসঙ্গে আরাঘচি বলেন, ‘‘কোনও ভুল নয়, পুরোপুরি পরিকল্পনা করেই হামলা।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৮:১০
ইরানের স্কুলে আমেরিকা-ইজ়রায়েলের হামলায় মৃত পড়ুয়াদের গণকবর। ছবি: রয়টার্স।

ইরানের স্কুলে আমেরিকা-ইজ়রায়েলের হামলায় মৃত পড়ুয়াদের গণকবর। ছবি: রয়টার্স।

ভুল করে নয়, পুরোপুরি পরিকল্পনা করেই মিনাবের স্কুলে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় শিক্ষক এবং পড়ুয়া-সহ ১৭৫ জনের মৃত্যু হয়। আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে এই বিষয়টি উত্থাপন করে সরব হয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে দক্ষিণ ইরানের মিনাব শহরের স্কুলে হামলা প্রসঙ্গে আরাঘচি বলেন, ‘‘কোনও ভুল নয়, পুরোপুরি পরিকল্পনা করেই হামলা। এটি যুদ্ধ অপরাধ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।’’

Advertisement

আরাঘচি আরও জানিয়েছেন, এই হামলায় নিজেদের দোষ ঢাকতে আমেরিকা এবং ইজ়রায়েল প্রথমে ইরানের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলে। কিন্তু মার্কিন গোয়েন্দাদের রিপোর্টেই দাবি করা হয়, এই হামলার জন্য দায়ী আমেরিকা এবং ইজ়রায়েল। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেও এই হামলার দায় স্বীকার করতে চায়নি তারা। কিন্তু শেষে ‘প্রযুক্তির ভুল’-এর কারণেই এই ঘটনা বলে দায় সেরেছে দুই দেশে। তবে সরাসরি স্কুলকেই যে নিশানা বানানো হয়েছিল, সেই প্রসঙ্গই রাষ্ট্রপুঞ্জে তুলেছেন ইরানের বিদেশমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আমেরিকা এবং ইজ়রায়েল যতই বিষয়টি লঘু করার চেষ্টা করুক না কেন, এই হামলা যে সুপরিকল্পিত ছিল, সেটা নিশ্চিত।’’

এর পর আরাঘচি জানান, এই ধরনের হামলা যুদ্ধ অপরাধ। মানবতার বিরুদ্ধে অপরাধ। একযোগে এই ঘটনার নিন্দা করা উচিত সকলের। তাঁর কথায়, ‘‘এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডকে কোনও ভাবে ক্ষমা করা যায় না। কোনও ভাবেই এই অপরাধ গোপন করা যায় না। নীরব থেকে উদাসীনতা দেখিয়ে এড়িয়ে যাওয়া যায় না।’’ তাঁর দাবি, এই হামলাকে শুধুমাত্র একটা ঘটনা বা ভুল বলে দাগিয়ে দিলে হবে না।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাবে এক স্কুলে টোমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে আমেরিকা-ইজ়রায়েলের বিরুদ্ধে। ঘটনাচক্রে, ওই দিনই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে দুই দেশ। ওই দিনই প্রথমে হামলা চালানো হয় সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দফতরে। সেই হামলায় নিহত হন খামেনেই-সহ ইরানের বেশ কয়েক জন সামরিক এবং প্রশাসনিক কর্তা। তার পরই হামলা চালানো হয় মিনাব শহরে। সেই হামলাতেই স্কুল পড়ুয়া-সহ ১৭৫ জনের মৃত্যু হয়।

Advertisement
আরও পড়ুন