Louisiana Mass Shooting

আবার আমেরিকায় বন্দুকবাজের হামলা! লুইজ়িয়ানার শপিং মলের গুলিকাণ্ডে আহত অন্তত ১০

ব্যাটন রুজ পুলিশ প্রধান টিজে মোর্স জানান, মলের ফুড কোর্টের কাছে প্রথমে দু’টি দলের মধ্যে বচসা শুরু হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০২:৪৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ফের বন্দুকবাজের হামলা আমেরিকার লুইজ়িয়ানা প্রদেশে। বৃহস্পতিবার দুপুরে (স্থানীয় সময়) একটি শপিং মলে গুলি চালানো হয়। ব্যাটন রুজ পুলিশ সূত্রে খবর, এই হামলায় এখনও পর্যন্ত ১০ জন আহত হয়েছেন। তার মধ্যে দু’জনের অবস্থা গুরুতর ছিল। তাঁদের অস্ত্রোপচার করা হয়েছে। হামলাবাজদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

কর্তৃপক্ষ জানিয়েছেন, এই হামলা কোনও উদ্দেশ্যহীন ঘটনা ছিল না। ব্যাটন রুজ পুলিশ প্রধান টিজে মোর্স জানান, মলের ফুড কোর্টের কাছে প্রথমে দু’টি দলের মধ্যে বচসা শুরু হয়। যা পরবর্তীতে গোলাগুলিতে পৌঁছোয়। এই বিশৃঙ্খলার জেরে আশপাশে থাকা সাধারণ মানুষও আহত হয়েছেন এবং আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর মলটি বন্ধ করে দেওয়া হয়।

মোর্স জানান, আহত ১০ জনের মধ্যে ছ’জনকে উদ্ধার করে ‘আওয়ার লেডি অফ দ্য লেক’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি চার জনের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় ব্যাটন রুজ জেনারেল হাসপাতালে পৌঁছোন। বাকি আহতদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

এই হামলায় মেয়র সিড এডওয়ার্ডস উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। মার্কিন সিনেটর বিল ক্যাসিডি জানান, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি বলেন, “আমি আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাটন রুজ পুলিশ বিভাগ এবং সমস্ত সংস্থাকে ধন্যবাদ জানাই।”

বৃহস্পতিবার এই গোলাগুলির ঘটনাটি শ্রিভপোর্ট শহর থেকে প্রায় ২৫০ মাইল দূরে ঘটে। সেখানেই গত রবিবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী) বন্দুকবাজের গুলিতে আট শিশুর মৃত্যু হয়। নিহতদের বয়স ছিল এক বছর থেকে ১৪ বছরের মধ্যে। নিহত শিশুদের মধ্যে কয়েক জন ওই আততায়ীরই সন্তান বলে মনে করেছে পুলিশ। হামলায় সব মিলিয়ে ১০ জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে আট জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Advertisement
আরও পড়ুন