News Of The Day

আমেরিকা-ইরান সংঘর্ষ। রংতরঙ্গে। দোলের দিন চাঁদে গ্রহণ। শেষ লগ্নে বিশ্বকাপ। এসআইআর বিতর্ক। আর কী

পশ্চিম এশিয়ায় যে দেশগুলিতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানে হামলা‌ চলছে। সোমবার সাইপ্রাসে ব্রিটেনের বায়ুসেনার এক ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছে। এরই মধ্যে জানা যায়, খামেনেই-পত্নী নিহত হয়েছেন। পশ্চিম এশিয়া‌ জুড়ে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে পশ্চিম এশিয়ায়। ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তেল আভিভও চালাচ্ছে পাল্টা আক্রমণ। পশ্চিম এশিয়ায় যে দেশগুলিতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানেও হামলা‌ চলছে। সোমবার সাইপ্রাসে ব্রিটেনের বায়ুসেনার এক ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছে। এরই মধ্যে জানা যায়, খামেনেই-পত্নী খোজাস্তেহ বাঘেরজ়াদেহও নিহত হয়েছেন। গোটা পশ্চিম এশিয়া‌ জুড়ে এক অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আজ দোল। রঙের উৎসব। রঙিন বসন্ত রং হয়ে ছড়িয়ে পড়বে আট থেকে আশির হাতে। রাঙা হবে রাশি রাশি হৃদয়। রঙের উষ্ণতায় হয়তো বা গলে পড়বে গত এক বছরে তৈরি হওয়া বহু বরফ-পাঁচিল। রঙিন এই উৎসব সবার জীবনে শুভ রং ছড়িয়ে দিক।

দোলের দিন রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত থেকে পূর্ণগ্রাস দেখা যাবে না। তবে এ দেশের মানুষ পুরোপুরি বঞ্চিত হবেন না। কম সময়ের জন্য হলেও ওই চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন এ দেশের বেশির ভাগ অঞ্চলের মানুষজন।

একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাল এবং পরশু দু’টি সেমিফাইনাল। আগামী রবিবার ফাইনাল। রবিবার ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। প্রায় একাই দলকে ফাইনালে তুলেছেন সঞ্জু স্যামসন। ভারতের সেমিফাইনাল ম্যাচ পরশু বৃহস্পতিবার। বিপক্ষে ইংল্যান্ড। মুম্বইয়ে খেলা। দুই দলই মুম্বই পৌঁছে গিয়েছে। দুই দলের প্রস্তুতির সব খবর। তার আগে কাল প্রথম সেমিফাইনাল ইডেনে। কলকাতায় লড়াই দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের। থাকছে এই দুই দলেরও প্রস্তুতির সব খবর।

এসআইআরের প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে শনিবার। তার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে নানা অভিযোগ আসছে। অনেকের দাবি, শুনানিপর্বে প্রয়োজনীয় যাবতীয় নথি দেওয়ার পরেও তালিকায় তাঁর নাম ‘বিবেচনাধীন’। অনেক জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকেরও নাম রয়েছে এই তালিকায়। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। অন্য দিকে, সোমবার বিধানসভার নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। সেই বৈঠকে ছিলেন রাজ্যের পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা। পরে আধা সামরিক বাহিনী নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করে কমিশন। আজ এসআইআর সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

Advertisement
আরও পড়ুন