UAE's Action Amid Conflict

ইরান যুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ পোস্ট! ১৯ জন ভারতীয়কে গ্রেফতারের নির্দেশ আমিরশাহি প্রশাসনের, কী শাস্তি হতে পারে

শনিবার ১০ জনকে গ্রেফতারের নির্দেশ দেয় আরব আমিরশাহি। তাঁদের মধ্যে দু’জন ভারতীয়। তার পরে দ্বিতীয় দফায় আরও ২৫ জনকে গ্রেফতারের কথা বলা হয়। তাঁদের মধ্যে ১৭ জন ভারতীয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১২:১২
ইরানের হামলায় দুবাইয়ের আকাশে ধোঁয়া।

ইরানের হামলায় দুবাইয়ের আকাশে ধোঁয়া। ছবি: রয়টার্স।

পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে ভুয়ো তথ্য প্রকাশের জন্য ৩৫ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আরব আমিরশাহি। তাঁদের মধ্যে ১৯ জন ভারতীয়। প্রশাসনের বক্তব্য, তাঁদের পোস্ট করা ভিডিয়ো, তথ্য মানুষকে ভুল পথে চালিত করতে পারে। সে কারণে ওই ৩৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার চলবে। ধৃতদের দোষ প্রমাণিত হলে এক বছরের জেল হতে পারে। সঙ্গে প্রায় ২৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

Advertisement

দু’দফায় এই পদক্ষেপ করেছে আরব আমিরশাহি প্রশাসন। প্রথম দফায়, শনিবার ১০ জনকে গ্রেফতারের নির্দেশ দেয় তারা। তাঁদের মধ্যে দু’জন ভারতীয়। তার পরে দ্বিতীয় দফায় ২৫ জনকে গ্রেফতারের কথা বলা হয়। তাঁদের মধ্যে ১৭ জন ভারতীয়।

আরব আমিরশাহির অ্যাটর্নি জেনারেল হামাদ সইফ আল শামস বিবৃতি দিয়ে জানিয়েছেন, সংঘাতের পরিস্থিতি নিয়ে যাতে ভুয়ো খবর প্রচার না হয়, সেজন্য গত কয়েক দিন সমাজমাধ্যমে নজরদারি চালানো হয়েছে। তাতে দেখা গিয়েছে, অভিযুক্তেরা মূলত তিনটি দলে বিভক্ত। তাদের কাজকর্মের ভিত্তিতে সেই বিভাজন করা হয়েছে। এক দল ঘটনার কিছু প্রকৃত ভিডিয়ো পোস্ট করেছে। তার ফলে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে। দ্বিতীয় দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়ো ফুটেজ প্রকাশ করেছে। তৃতীয় দলটি বিপক্ষের গুণগান করে তথ্য প্রচার করেছে।

প্রথম দলে রয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে পাঁচ জন ভারতীয়, এক জন পাকিস্তানি, এক জন নেপালি, দু’জন ফিলিপিনসের নাগরিক, এক জন মিশরের। অভিযোগ, ওই ১০ জন আরব আমিরশাহিতে সংঘাতের, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রকৃত ভিডিয়ো ফুটেজ সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। এ সব ফুটেজ বিপক্ষকে সুবিধা করে দিতে পারে বলে মনে করে প্রশাসন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই ফুটেজ দেখে বাসিন্দাদের উদ্বেগও বাড়তে পারে।

দ্বিতীয় দলে রয়েছেন পাঁচ ভারতীয়-সহ সাত জন। বাকি দু’জনের মধ্যে এক জন নেপাল এবং এক জন বাংলাদেশের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যুদ্ধের, বিস্ফোরণের ভুয়ো ভিডিয়ো ছড়ানোর অভিযোগ রয়েছে। তাঁরা সমাজমাধ্যমের পোস্টে দাবি করেছেন, ওই ঘটনা আরব আমিরশাহিতে হয়েছে।

তৃতীয় দলে রয়েছেন ছ’জন। তাঁদের মধ্যে পাঁচ জন ভারতীয় এবং এক জন পাকিস্তানি। অভিযোগ, তাঁরা ইরানকে ‘মহিমান্বিত’ করে ভিডিয়ো, কনটেন্ট পোস্ট করেছেন। সেখানকার নেতাদের প্রশংসা করেছেন। এতে ‘জাতীয় স্বার্থের ক্ষতি’ হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

রবিবার থেকে নতুন করে হামলার মাত্রা বেড়েছে আরব আমিরশাহিতে। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরান থেকে তাদের দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এই মুহূর্তে সেগুলিকে আটকানোর জন্য কাজ করছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তার ফলেই দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের মতো শব্দ শোনা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন