US Aircraft Crashes

ইরাকে ভেঙে পড়ল মার্কিন বায়ুসেনার বিমান! গুলি করে নামানোর দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর, ভিতরে ছিলেন ৫ জন

বিমানের ভিতরে ছিলেন পাঁচ জন। তাঁরা কেমন রয়েছেন, সুস্থ রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বিমান ভেঙে পড়ার খবর স্বীকার করে নিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৯:৫৯
মার্কিন বায়ুসেনার বিমান কেসি-১৩৫ ট্যাঙ্কার।

মার্কিন বায়ুসেনার বিমান কেসি-১৩৫ ট্যাঙ্কার। ছবি: সংগৃহীত।

ইরাকে ভেঙে পড়ল মার্কিন বায়ুসেনার বিমান কেসি-১৩৫ ট্যাঙ্কার। যুদ্ধবিমানে মাঝ-আকাশে জ্বালানি ভরার কাজে ব্যবহৃত এই বিমান বৃহস্পতিবার পশ্চিম ইরানে ভেঙে পড়ে। বিমানের ভিতরে ছিলেন পাঁচ জন। তাঁরা কেমন রয়েছেন, সুস্থ রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বিমান ভেঙে পড়ার খবর স্বীকার করে নিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘দ্য ইসলামিক রেসিসট্যান্স’ এই ঘটনার দায়স্বীকার করেছে। তাদের দাবি, তারাই গুলি করে যুদ্ধবিমানটিকে নামিয়েছে। তারা এ-ও দাবি করেছে যে, ইরাকের সার্বভৌমত্ব রক্ষা করতেই এই পদক্ষেপ করেছে তারা। এই প্রসঙ্গে অবশ্য এখনও পর্যন্ত সরাসরি কিছু জানায়নি আমেরিকা।

আমেরিকার তরফে জানানো হয়েছে, দু’টি বিমান ‘অপারেশন এপিক ফিউরি’ (ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের নাম)-র কাজে বন্ধুরাষ্ট্র ইরাকের আকাশপথ ব্যবহার করছিল। একটি বিমান নিরাপদে অবতরণ করলেও, অন্যটি পশ্চিম ইরাকে ভেঙে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, দ্বিতীয় বিমানটিও কেসি-১৩৫ ট্যাঙ্কার। তবে অনেক বিষয়ই এখনও স্পষ্ট হয়নি। যেমন কেসি-১৩৫ ট্যাঙ্কারে সাধারণত তিন জন থাকেন। বৃহস্পতিবার দু’জন ছিলেন। ইরানের সঙ্গে যুদ্ধের সময় কেন নিরাপত্তাগত ঝুঁকি নিয়ে অতিরিক্ত দু’জনকে বিমানে ওঠার ছাড়পত্র দেওয়া হল, তা স্পষ্ট নয়। আমেরিকার সেন্ট্রাল কমান্ড অবশ্য জানিয়েছে, তারা পরে এই বিষয়ে সবিস্তার তথ্য জানাবে। তত ক্ষণ পর্যন্ত সকলকে ধৈর্য ধরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কেসি-১৩৫ বিমানটি মার্কিন সংস্থা বোয়িং ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে তৈরি করেছিল। আমেরিকার যুদ্ধবিমানগুলি দীর্ঘ পথ পাড়ি দিলে এই বিমানগুলি মাঝ-আকাশেই জ্বালানি সরবরাহ করে। সে ক্ষেত্রে যুদ্ধবিমানগুলিকে তেল ভরার জন্য আর অবতরণ করতে হয় না।

বৃহস্পতিবারের এই ঘটনার পর ইরান-যুদ্ধে আমেরিকার মোট চারটি বিমান ভেঙে পড়ল। এর আগে আমেরিকার বন্ধুরাষ্ট্র কুয়েত ‘ভুল করে’ তিনটি মার্কিন বিমানকে গুলি করে নামিয়েছিল। বৃহস্পতিবারের ঘটনার নেপথ্যে ইরানের হামলা, না কি এমনই কোনও ভুল, তা অবশ্য স্পষ্ট করেনি পেন্টাগন। পশ্চিম এশিয়ার যুদ্ধে এখন পর্যন্ত সাত জন সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। কুয়েতের একটি বন্দরে ইরানের ড্রোন হামলায় মৃত্যু হয়েছে ছ’জনের। আর সৌদি আরবের প্রিন্স সুলতান বায়ুসেনাঘাঁটিতে ইরানি হামলায় মৃত্যু হয়েছে এক জনের।

Advertisement
আরও পড়ুন