Donald Trump on Iran War

যুদ্ধ চলবে আর কত দিন? ইরান নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নিতেই ফের মুখ খুললেন ট্রাম্প, জুড়লেন ‘বন্ধু’ নেতানিয়াহুকেও

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ ভাবেই হামলা চালায় ইরানে। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। ওই হামলাতেই নিহত হন আয়াতোল্লা আলি খামেনেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১০:৩০
(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (ডান দিকে)।

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (ডান দিকে)। —ফাইল চিত্র।

দশম দিনে পড়ল আমেরিকা-ইরান যুদ্ধ। আর কত দিন চলবে পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতি? তা নিয়ে উদ্বেগের মাঝে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

‘টাইম্‌স অফ ইজ়রায়েল’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কখন থামাবেন, সে বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যৌথ ভাবে সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প কি একক ভাবেই যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন, না কি নেতানিয়াহুর মতামতও শোনা হবে? তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি, এটি কিছুটা হলেও যৌথ সিদ্ধান্ত হবে। আমাদের মধ্যে কথাবার্তা চলছে। আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব। তবে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ট্রাম্প আরও দাবি করেন, তিনি এবং নেতানিয়াহু না-থাকলে ইজ়রায়েলকে ধ্বংস করে দিত ইরান। তিনি বলেন, “ইজ়রায়েল এবং তার আশপাশের সব কিছু ধ্বংস করতে যাচ্ছিল ইরান। আমরা (ট্রাম্প এবং নেতানিয়াহু) একসঙ্গে কাজ করছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করছি যারা ইজ়রায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।”

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ ভাবেই হামলা চালায় ইরানে। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। ওই হামলাতেই নিহত হন আয়াতোল্লা আলি খামেনেই। তার পরে গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। ওই অঞ্চলে আমেরিকার বন্ধুদেশগুলির উপর হামলা শুরু করে ইরান। পশ্চিম এশিয়ার এই অশান্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। সংঘর্ষের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করার প্রস্তাব দিতে শুরু করেছে ভারত-সহ বিভিন্ন দেশ।

এ অবস্থায় ট্রাম্পের দাবি, যুদ্ধ কবে থামানো হবে তা নিয়ে ইজ়রায়েলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কত দিন চলবে, তা নিয়ে আগেও মন্তব্য করেছেন তিনি। সংঘর্ষ শুরু হওয়ার দু’দিন পরেই ট্রাম্প দাবি করেন, চার সপ্তাহেরও বেশি সময় ধরে এই সংঘর্ষ চলতে পারে। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চার বা পাঁচ সপ্তাহ পর্যন্ত চালাতে হতে পারে। প্রয়োজনে আমেরিকা আরও দীর্ঘ সময় ধরে যুদ্ধ করতে প্রস্তুত।’’

ঘটনাচক্রে, সোমবারই খামেনেইয়ের উত্তরসূরির নাম ঘোষণা করেছে ইরান। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে খামনেই-পুত্র মোজতবা খামেনেইকে। তাঁর নাম ঘোষণার আগেই তেহরানকে একপ্রস্ত হুঁশিয়ারি দেয়ে রেখেছেন ট্রাম্প। ‘এবিসি নিউজ়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, হোয়াইট হাউস না-চাইলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশি দিন টিকতে পারবেন না।

Advertisement
আরও পড়ুন